ফেরিতে গাদাগাদি করে ভ্রমণে সংক্রমণ বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী
কারোনা সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের মধ্যেই ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। শুক্রবার (০৭ মে) সকালে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে শিমুলিয়া থেকে ফেরিতে কোনো যানবাহন উঠতে পারেনি। সকাল ৮টার দিকে রোরো ফেরি এনায়েতপুরী কোনো যানবাহন ছাড়াই ১২শ’ যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্য রওনা দেয়।
এমন পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ফেরিতে গাদাগাদি করে ভ্রমণের কারণেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে।এ সময় তিনি দেশের মানুষকে ভিড়ের মধ্যে দোকানপাট ও শপিংমলে না যাওয়ার জন্য আহ্বান জানান।
শুক্রবার (০৭ মে) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ সদরের গড়পাড়া শুভ সেন্টারে পবিত্র ঈদ-উল–ফিতর উপলক্ষে ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতা তুলে ধরে মন্ত্রী বলেন, এভাবে চলতে থাকলে হাসপাতালেও জায়গা হবে না। করোনার টিকা পাওয়ার জন্য রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, দেশে করোনা চিকিৎসায় অক্সিজেন ও ওষুধের কোনো অভাব হবে না। প্রতিদিন সারাদেশে ৬০ থেকে ৭০ টন অক্সিজেন লাগছে। আর অক্সিজেন উৎপাদন ক্ষমতা ১৭৫ টন, গ্যাসের মাধ্যমে আরও ৪০ টন। আমাদের কাছে অক্সিজেন মজুত রয়েছে ৯০০ টন। করোনা নিয়ন্ত্রণে রাখতে পারলে আগামীতে অক্সিজেনের কোনো ঘাটতি হবে না।
তিনি বলেন, করোনাকালে দেশের খেটে খাওয়া মানুষের আয় রোজগার কমে গেছে। আবার অনেকের আয় বন্ধও হয়ে গেছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের অসহায় ও দুস্থদের খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
