ভারতে করোনার নতুন বিশ্বরেকর্ড
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ আরও উঁচুতে উঠল ভারতে। বুধবার আক্রান্ত-মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে দেশটি। এদিন সেখানে নতুন করে ৪ লাখ ১২ হাজারেরও বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, মারা গেছেন প্রায় চার হাজার রোগী।
এদিকে, সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ লাখের বেশি।
বৃহস্পতিবার (৬ মে) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মোট ১৪ হাজার ২৬০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৮ লাখ ৩৬ হাজার ৯৬০ জন।
এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ১৫ কোটি ৫৮ লাখ ১৯ হাজার ৪৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৩২ লাখ ৫৫ হাজার ২৫২ জন। আর সুস্থ হয়েছেন ১৩ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৬৬৩ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ২১ হাজার ২৪৪ জন। আর মারা গেছেন ৫ লাখ ৯৩ হাজার ১৪৮ জন।
