শ্বাসকষ্ট বেড়েছে খালেদা জিয়ার, সিসিইউতে স্থানান্তর
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে।
শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।এছাড়া তার ফুসফুসে পানি জমেছে বলেও জানানো হয়েছে। সোমবার (৩ মে) এতথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
এর আগে দুদিন সরকারি ছুটির কারণে খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা পিছিয়ে গেছে। এ কারণে আরও কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে।
এদিকে খালেদা জিয়ার গুলশানের ফিরোজার বাসার সব স্টাফ ইতোমধ্যে করোনামুক্ত হয়েছেন।
রোববার (২ মে) অধ্যাপক জাহিদ হোসেন বলেন, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর নতুন কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন । সব মিলিয়ে নতুন কিছু বলার মতো অবস্থায় নেই।
তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল, অনেকটাই ভালো। যদিও ওনার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজও ডাক্তাররা তাকে দেখেছেন। কালও কিছু পরীক্ষা হবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্বাস্থ্য পরীক্ষার অগ্রগতি কিছুটা পিছিয়ে গেছে।
এ সপ্তাহের শেষদিকে খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন বলে জানান এই চিকিৎসক । গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়।
