আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গার্মেন্টস ছুটির বিষয়ে নির্দেশনা
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গার্মেন্টস কারখানায় ৩ দিনের বেশি ছুটি দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৩ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনার পর এ সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধ বহাল রাখতে হবে অন্তত ১৬ মে পর্যন্ত। এ সময় দেশে বিপণিবিতান খোলা থাকলেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে সেসব তাৎক্ষণিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সর্বত্র মাস্ক ব্যবহার না করলে প্রশাসনিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে গত ১৪ এপ্রিল এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দেয় সরকার। এরপর এক সপ্তাহ করে বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। বর্তমানে তৃতীয় সপ্তাহ চলছে। আগামী বুধবার (৫ মে) চলমান বিধিনিষেধ শেষ হওয়ার কথা।
