প্রজ্ঞাপন সোমবার, যেমন হবে ৭ দিনের ‘লকডাউন’
মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল (বুধবার) থেকে নতুন করে সর্বাত্মকর লকডাউনে যাচ্ছে সরকার।এবিষয়ে সোমবার (১২ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এতথ্য জানা গেছে।
সূত্র জানায়, ১৪ এপ্রিল সকাল ছয়টা থেকে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সাধারণ ছুটি বা ওই রকম কিছু আমরা বলছি না। গণপরিবহন ও ব্যাংক বন্ধ থাকবে। তবে গার্মেন্টসসহ শিল্প-কারখানা খোলা থাকবে। জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।
এর আগে এ বিষয়ে ভার্চুয়াল সভা হয়। সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা যুক্ত ছিলেন।এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘১৪ তারিখ থেকে লকডাউন থাকছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রজ্ঞাপনে থাকবে। সোমবার নাগাদ প্রজ্ঞাপন জারি হতে পারে।’
