আজ লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত
সারাদেশে ৫ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত লকডাউন চলছে। পরবর্তীতে লকডাউনের সময় বাড়ানো হবে কিনা সে বিষয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
গত সোমবার (৫ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
ওইদিন সারাদেশে চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কি না- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেখি আমরা সাত দিন পর কি অবস্থা হয়। বৃহস্পতিবার আমরা রিভিউ করব ইনশাআল্লাহ। সবাই যদি একটু মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে, তবে তো অসুবিধা হওয়ার কথা নয়।
গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে সারাদেশে সাত দিনের লকডাউন শুরু হয়েছে। এ দফায় আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত থাকবে এই লকডাউন। ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউনের এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৫ এপ্রিল ভোর ৬টা থেকে থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে।
এদিকে লকডাউনের বিষয়ে সোমবার মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের আরও জানান, ‘এটি লকডাউন নয়, কঠোর নিষেধাজ্ঞা। আমরা লকডাউন ঠিক বলি নাই। আমরা বলে দিয়েছি অফিস-আদালত যত কম লোক দিয়ে অফিস চালাতে পারে। তবে দেখি আমরা ৭ দিন পর কী অবস্থা হয়। এরপর বৃহস্পতিবার আবার সিদ্ধান্ত নিব।’
