লকডাউনে ঢাকায় যানজট, গাছাড়া ভাব মানুষের
প্রাণঘাতী করোনার সংক্রমণ ও মৃত্যু অবনতির দিকে যাওয়ায় দেশের মানুষকে বাচাঁতে ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য ‘লকডাউনের’ ঘোষণা দিয়েছে সরকার।
জনগণকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার আহ্বানসহ বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।
কিন্তু প্রথম দিনই ঢিলেঢালা ভাব দেখা গেছে সর্বত্র। দ্বিতীয় দিনের পরিস্থিতি আরও করুণ।
রাজধানীতে যানবাহন চলাচলে মনে হয়নি যে দেশে লকডাউন চলছে।
রাজধানীর প্রায় প্রতিটি সড়ক ছিল ব্যস্ত।মুক্ত ছিল না এক মিনিটও।কোথাও কোথাও যানজট লেগে যায়।
আর মানুষের চলাচলেও দেখা গেছে গাছাড়া ভাব, যেন দেশে করোনা বলতে কিছু নেই।
কাজের উদ্দেশে বা কর্মস্থলে যাওয়া ছাড়াও অকারণে গল্প-গুজবে লিপ্ত থাকতে দেখা গেছে।
অথচ গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ হয়েছে।
৬৬ জন মৃত্যৃ ও ৭ হাজার ২১৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে।
কোথাও কোথাও স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষার অভাব যেমন ছিল, তেমনি সামাজিক দূরত্বও মানা হয়নি।
রাজধানীর কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, রামপুরা, হাজীপাড়াসহ আশেপাশের অনেক সড়ক ও অলিগলিতে এমন পরিস্থিতি দেখা মিলেছে।
অনেক দোকানই খোলা পাওয়া গেছে।করোনা পরিস্থিতি যে দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে- তার লেশমাত্রও দেখা মেলেনি সাধারণ মানুষের চলাফেরায়।
অনেকে মাস্ক পরেননি, আবার কেউ পরলেও রেখেছেন থুঁতনিতে।
এদিকে রাইড শেয়ারিংয়ে যাত্রী উঠাতে নিষেধাজ্ঞা থাকলেও বিভিন্ন সড়কে, মোড়ে দেখা গেছে রাইডারদের অবস্থান।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৬ জন মৃত্যু ও সর্বোচ্চ ৭ হাজার ২১৩ জন শনাক্ত হওয়ার বিষয়ে উদ্বেগ ও শংকা প্রকাশ করেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেছেন, প্রতিদিন যদি ৪-৫ হাজার রোগী বাড়ে তাহলে সারা শহরকে হাসপাতাল বানালেও সামাল দেওয়া সম্ভব না।
