সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আইসিইউতে
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
আজ মঙ্গলবার তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যাডভোকেট খসরুর শারীরিক অবস্থা ভালো আছে। অক্সিজেনের লেভেল ঠিক আছে। তবে শরীরে সোডিয়ামের মাত্রা কিছুটা কমে গেছে।
গত ১৫ মার্চ সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন আব্দুল মতিন খসরু। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। গত রোববার রাত ১২টার দিকে আব্দুল মতিন খসরুকে আইসিইউতে নেওয়া হয়েছে।
সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গত ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন।
