আজ আসছেন লঙ্কান প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক কাল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যৌথ উদ্যাপনে অংশ নিতে আজ দু’দিনের সফরে ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে।
আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে লঙ্কান প্রধানমন্ত্রী যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে।
সেখানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
আজ বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে চলমান ১০ দিনের অনুষ্ঠানমালার তৃতীয় দিনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
শনিবার প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদের সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে তার।
সেগুনবাগিচার সরবরাহ করা তথ্য মতে, শনিবার সকালে লঙ্কান প্রধানমন্ত্রী ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
