ব্রেকিং নিউজঃ

ক্ষুব্ধ মেয়র বললেন সিভিল এভিয়েশন-রেল মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করব

রাজধানীর উত্তরায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) এবং রেলপথ মন্ত্রণালয়ের পৃথক ডোবা ও নালায় মশার লার্ভা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি সিভিল এভিয়েশন ও রেলপথ মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করার কথাও বলেছেন।

সোমবার ডিএনসিসির ৭ নম্বর অঞ্চলের ৪৯ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিদর্শনে যান মেয়র আতিক।

এ সময় সিভিল এভিয়েশন এবং রেল মন্ত্রণালয়ের দুটি জায়গায় মশার লার্ভা জন্মানোর সহায়ক পরিবেশ দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তখনই তাৎক্ষণিকভাবে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাকে এসব সংস্থা ও মন্ত্রণালয়ের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেন ডিএনসিসি মেয়র।

আতিকুল ইসলাম বলেন, সরকারি দুটি প্রতিষ্ঠানের ডোবায় কোটি কোটি মশার প্রজনন হচ্ছে।

এসব মশা বিমানবন্দরের ভেতরে ঢুকছে। অবিলম্বে এসব ডোবা থেকে কচুরিপানাসহ ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে।  অন্যথায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

আতিক আরও বলেন, মশার কোনো বাউন্ডারি দেয়াল নেই। আমরা বারবার বলার পরও তারা তাদের নিজেদের জায়গা পরিষ্কার রাখে না।

এমনকি আমরা পরিষ্কার করতে যাব, সেই জায়গাও নেই। আমাদের লোক যেতে পারছে না। এখন মামলা হবে, তারা কোর্টে যাবে, তা হলে বুঝবে। সরকার সরকারের বিরুদ্ধে মামলা করবে।

এ ছাড়া আর উপায় নেই। আমরা সিভিল এভিয়েশনকে ভেহিকেল মাউন্টেড ফগার মেশিনও দিয়েছি। সেটি দিয়েও তারা তাদের জায়গায় স্প্রে করতে পারে।

আমাদের কাজের গাফিলতির দায়ভার আমরা নেব। কিন্তু তাদের গাফিলতির দায়ভার তো তাদের নিতে হবে।

পরিদর্শনকালে সিটি করপোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930