সরকারের পদত্যাগ চাইলেন মির্জা ফখরুল
ক্ষমতাসীনদের পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১০ মার্চ) রাজধানীর খিলগাঁও তালতলায় এক সমাবেশে এ আহ্বান জানান তিনি। সরকারকে উদ্দেশ করে ফখরুল বলেন, পরিষ্কার ভাষায় বলতে চাই- আপনারা ব্যর্থ হয়েছেন।
সেই ব্যর্থতার জন্য পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন। নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ ইসির অধীনে নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করুন এবং অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহার, ডিজিটাল কালো আইন বাতিলের দাবি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে’ এই সমাবেশ হয়।
তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটের সামনে সড়কে দুইটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ করে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢল নামে।
নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আর আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা। তারা বাড়ি-ঘর, গরু-ছাগল বিক্রি করে মামলা লড়ছে। আমাদের ছেলেরা ঢাকার রাজপথে রিকশা চালায়! আমাদের এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আমাদের দাঁড়াতে হবে, এই অবস্থার অবশ্যই পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, অন্যান্য দেশগুলোর সঙ্গে আমার যে ন্যায্য হিস্যাগুলো রয়েছে- তা আমি চাইতে পারব না? দুঃখ হয়, যখন দেখলাম- ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলেন। এসে ব্রিফিং ও সভা করলেন। সীমান্ত হত্যার বিষয়ে আমাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন, অপরাধ না হলে হত্যা হবে না। মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, হত্যা করার অধিকার কে কাকে দিয়েছে? বিনা বিচারে কোনো সভ্য দেশের আইনে কাউকে হত্যা করার অধিকার দেয়নি।
নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ কৃতদাসের চেয়েও খারাপ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে তাদের পদত্যাগ করা উচিত। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, অবিলম্বে এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশন অবিলম্বে যোগ্য ব্যক্তিদের দ্বারা গঠন করতে হবে।
