হেলিকপ্টারে কলকাতায় নেয়া হলো মমতাকে, হাসপাতালে ভর্তি
নির্বাচনী প্রচারে গিয়ে নন্দীগ্রামে মুখ থুবড়ে পড়ে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেলিকপ্টারযোগে কলকাতায় এনে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হুইলচেয়ারে করে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১২ নম্বর কেবিনে। তার চোটের জায়গাগুলো এক্সরে করা হচ্ছে।
বুধবার (১০ মার্চ) নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বের হওয়ার সময় চার-পাঁচজন মানুষ তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ করেছেন তিনি। এতে মমতার মাথা, কপাল এবং পায়ে আঘাত লেগেছে।
এমন অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উটলো বড়সড় প্রশ্ন। গোটা ঘটনা নির্বাচন কমিশনকে অভিযোগ আকারে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। খবর জানাজানি হতেই পদক্ষেপ নিয়েছে কমিশন। মমতার বয়ান রেকর্ড করা হবে বলে জানিয়েছে তারা।
জেড প্লাস নিরাপত্তা পান মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই নিরাপত্তার বেড়াজাল ভেঙে কীভাবে এত মানুষ এলেন ও মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিলেন তা নিয়েই প্রশ্ন তুলেছে বিজেপি।মুখ্যমন্ত্রীর অভিযোগকে নাটক বলে দাবি করেছেন বিজেপি সংসদ সদস্য অর্জুন সিং।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, বাংলার মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী তিনি। তার উপরেই হামলা। এটা বিশ্বাসযোগ্য নয়। কেনো লোকাল হাসপাতালে নিয়ে যাওয়া হলো না। এটা রাজনৈতিক ভণ্ডামি। নির্বাচনের ভণ্ডামি।
সূত্র-আনন্দবাজার
