সেতুমন্ত্রীর উদ্দেশে কাদের মির্জা
আপনার হাঁড়ির খবর জানি মৃত্যুর আগে বলে দেব
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার বড়ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেছেন, আপনার মন্ত্রণালয়ের হাঁড়ির খবর আমি জানি।
কে কী করে। কে কিভাবে কালেকশন করে কোথায় নিয়ে যায়, কার বাসায় নিয়ে যায় -তা আমি জানি। মৃত্যুর আগে আমি সব বলে যাব।
আমি জানি আমাকে হত্যা করার জন্য আপনি নোয়াখালী সংসদ-সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরাম চৌধুরী ও ফেনীর সংসদ-সদস্য নিজাম হাজারীকে লেলিয়ে দিয়েছেন।
মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি এসব কথা বলেন। কাদের মির্জার একজন ঘনিষ্ঠ সহকারী জানান, পৌরসভার রূপালী চত্বরে সভা করার কথা ছিল। কিন্তু পুলিশ সেটা করতে দেয়নি। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বসে নিজের ফেসবুক আইডিতে লাইভে আসেন পৌরমেয়র।
কাদের মির্জা বলেন, ‘৪৭ বছর রাজনীতি করে ওবায়দুল কাদেরের জন্য কী না করেছি? বারবার গ্রেফতার হয়েছি। মৃত্যুর মুখে গিয়েছিলাম। আজ মায়ের পেটের ভাই থেকে তার কাছে স্ত্রী, নিজাম হাজারী ও তথাকথিত রাজনীতিক চাঁদাবাজ, চাকরি ও টেন্ডার বাণিজ্যকারী একরামুল করিম চৌধুরী বেশি আপন।’
তিনি বলেন, ‘আল্লাহর আদালতে ওবায়দুল কাদেরের বিচার হবে। এত অপমান? আমি একজন মেয়র। আপনি বড় নেতা। আপনার পর্যায়ে আপনি আমার পর্যায়ে আমি। আজকে আমাকে লাঞ্ছিত করছেন। বাদশা, শাহিন্ন্যা, আরিফ্যা, সবুজ্জ্যাকে দিয়ে আমাকে অপমান করছেন। পুলিশ দিয়ে আমার সামনে আমার কর্মীদের পেটাচ্ছেন। অথচ এ নেতাকর্মীরা আপনার জন্য জীবন বাজি রেখেছেন।’
কাদের মির্জা বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) তার স্ত্রীকে প্রতিষ্ঠার জন্য এসব করছেন। আমি এমপি পদে মনোনয়ন কিংবা কেন্দ্রীয় আওয়ামী লীগ বা জেলা আওয়ামী লীগের কোনো পদের জন্য লালায়িত নই। ১/১১ এর পর একরাম চৌধুরী সেনাপ্রধান মইন ইউ আহম্মদের ছোটভাই জাবেদের সঙ্গে আঁতাত করে নিজের চামড়া বাঁচিয়েছিলেন। এরপর জাবেদকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে বসিয়েছিলেন এবং একরাম চৌধুরী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন।’
সেতুমন্ত্রী ওবায়দুর কাদেরকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর বাবা মারা যাওয়ার পর খন্দকার মোশতাক আহমেদ মাটিতে গড়িয়ে কান্নাকাটি করেছিলেন। দাফনের সময় কবরেও নেমেছিলেন। সেই মোশতাক ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করেছিল। তাই এদের ব্যাপারে সাবধান থাকার জন্য আপনাকে অনুরোধ করছি।’
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের প্রসঙ্গ টেনে কাদের মির্জা বলেন, ‘কোম্পানীগঞ্জের চরের ভূমিদস্যু মাদক সম্রাটকে আপনি শেল্টার দিচ্ছেন। এর খেসারত আপনাকেই দিতে হবে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘১০ শতাংশ হাইব্রিড নেতা আপনার সব অর্জন ম্লান ও ধ্বংস করে দিচ্ছে। এরা দলের সাইনবোর্ড বিক্রি করে ধান্ধাবাজি করে। আমি আপনাকে শ্রদ্ধা করি। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। ৪৭ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করছি। কোনো দিন ওবায়দুল কাদেরের কাছে ১০ টাকার জন্যও যাইনি। তার স্ত্রী আমাকে ধমক দিয়ে বাসা থেকে বের করে দিয়েছেন। অথচ তার ডাইনিং টেবিলে ভাত খান নিজাম হাজারী ও একরাম চৌধুরী।’
ফেসবুক লাইভের বিষয়ে জানতে কাদের মির্জার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। তবে তার ঘনিষ্ঠ সহযোগী ফোন রিসিভ করে বলেন, ‘মির্জা ভাই ক্লান্ত, তিনি রেস্ট নিচ্ছেন।’
এসব অভিযোগের বিষয়ে জানতে নোয়াখালী-৪ আসনের সংসদ-সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরাম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার দুটি মোবাইল ফোন নাম্বারের একটি বন্ধ ও একটিতে রিং হলেও তিনি রিসিভ করেননি। ফেনীর সংসদ-সদস্য নিজাম হাজারীকেও কয়েকবার ফোন দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই তিনি ফোন কেটে দেন।
