যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের সামরিক বিমানঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা
যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের এক সামরিক বিমানঘাঁটিতে অন্তত চার দফা রকেট হামলা চালানো হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতের সেই হামলায় ঘাঁটিটিতে থাকা প্রতিরক্ষা বিষয়ক মার্কিন কোম্পানিতে কর্মরত এক ব্যক্তি আহত হয়েছেন।
দেশটির উত্তরাঞ্চলীয় সালাহ উদ্দিন প্রদেশের বালাদ বিমানঘাঁটিতে চালানো ওই হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী কিংবা সংগঠন স্বীকার করেনি।
প্রাদেশিক সরকারের মিডিয়া মুখপাত্র জামাল আকাব স্থানীয় মিডিয়াকে জানান, বিমানঘাঁটির সীমানার মধ্যে খোলা স্থানে রকেটগুলো আঘাত হানে।
গত বছরের জানুয়ারিতে বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরের এই বিমানঘাঁটিতে আট দফা রকেট হামলায় ইরাকি বিমান বাহিনীর চার সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুই জন বিমান বাহিনীর কর্মকর্তা।
