ব্রেকিং নিউজঃ

পিছিয়ে গেল জনপ্রশাসন পদক প্রদান

জনপ্রশাসন পদক প্রদান আবারও পিছিয়ে গেছে। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের পদক ২৩ জুলাই দেওয়া সম্ভব হয়নি।

পরে ১৪ জানুয়ারি সম্ভাব্য নতুন তারিখ নির্ধারণ করা হলেও সেটিও শেষ পর্যন্ত হয়নি।

প্রধানমন্ত্রীর সময় পাওয়া সাপেক্ষে পরে পদক নির্ধারণের দিনক্ষণ ঠিক করা হবে।

তবে সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী ২৩ জুলাই জনপ্রশাসন দিবসের দিন একসঙ্গে দুই বছরের পদক দেওয়া হতে পারে।

এদিকে আবেদন করার মাধ্যমে জনপ্রশাসন পদক পাওয়ার নীতিমালা পরিবর্তনের দাবি জানিয়েছেন অনেকে। তারা বলেন, নিজের কৃতিত্বের জন্য পুরস্কার পেতে আবেদন করা সঠিক কোনো পদ্ধতি হতে পারে না।

কেননা, সবাই তো পুরস্কার পাওয়ার জন্য কাজে করেন না। এর মধ্যে এক ধরনের হীনম্মন্যতাও প্রকাশ পায়।

বরং প্রশাসনের বিভিন্ন স্তরে জনসেবা ও সৃষ্টিশীল কাজে যে বা যারা ব্যতিক্রমধর্মী ভালো কিছু করছেন সেটির জন্য রাষ্ট্রীয়ভাবে মনোনয়ন ও পুরস্কৃত করে তাদের আরও উৎসাহিত করা উচিত।

তারা বলেন, জনপ্রশাসনে সবচেয়ে বড় সমস্যা হলো ঘুষ, দুর্নীতি ও জনহয়রানির মতো বিষয়গুলো।

মানুষ নৈতিকভাবে সৎ না হওয়ার কারণে বেতন-ভাতা বৃদ্ধিসহ নানা উদ্যোগ গ্রহণ করেও এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সুফল মিলছে না।

তাই নানা প্রতিকূলতাকে প্রতিরোধ করে এখনো যেসব কর্মকর্তা-কর্মচারী জনসেবা দেওয়ার ক্ষেত্রে ঘুষ-দুর্নীতিমুক্ত বিশেষ উদ্যোগ নিয়েছেন তাদের আগে জনপ্রশাসন পদক দেওয়া দরকার।

এ ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে প্রাথমিক ও চূড়ান্ত বাছাইয়ের মতো বিষয়গুলো শুধু বিড়ম্বনা নয়, অনেক সময় তাদের জন্য বিব্রতকর তো বটে।

বরং শুধুমাত্র যারা দলগতভাবে কোনো সাফল্য দেখাচ্ছেন তাদের ক্ষেত্রে আবেদনের বিষয়টি চালু রাখা যেতে পারে।

কিন্তু ব্যক্তি পর্যায়ের সফলতা ও পুরস্কারের ক্ষেত্রে আবেদন পদ্ধতি বাধ্যতামূলক মোটেই সমীচীন নয়।

প্রয়োজনে আবেদনের পাশাপাশি সরকার চাইলে নিজস্ব পদ্ধতিতে আবেদন ছাড়াই ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক দেওয়ার নীতি গ্রহণ করতে পারে।

তারা বলেন, কোনো কর্মকর্তা-কর্মচারী অন্য ১০ জনের তুলনায় ভালো সেবা দিলে

সেটি বেশি দিন গোপন থাকে না। সেবাপ্রার্থীদের মাধ্যমে জানাজানি হয়ে যায়। অনেক সময় গণমাধ্যমেও রিপোর্ট প্রকাশিত হয়।

জেলা ও জাতীয় পর্যায়ে গঠিত পুরস্কার প্রদান কমিটি এসব জনমত মূল্যায়ন করতে পারে।

তা ছাড়া একেবারে মাঠপর্যায় থেকে কেন্দ্রীয় প্রশাসন পর্যন্ত কে কী ধরনের ভালো কাজ করছেন তা তাদের এসিআর প্রদানকারী পদস্থ কর্মকর্তারা সবচেয়ে ভালো জানেন।

তবে এ কথাও সঠিক যে, আবেদন ছাড়া উন্মুক্তভাবে হলে অনেক সময় স্বজনপ্রীতির অভিযোগও চাউর হতে পারে। তাই ভারসাম্যপূর্ণ নীতি হওয়া দরকার।

সূত্র জানায়, জনপ্রশাসন পদক নিয়ে সার্বিক কার্যক্রম পরিচালনা করে থাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ অনুবিভাগ (সিপিটি)।

এই অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. হুমায়ুন কবীর সোমবার যুগান্তরকে বলেন, ২০২০ সালের জনপ্রশাসন পদক নিয়ে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে।

প্রধানমন্ত্রীর সময় পাওয়া সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে এটি সম্পন্ন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই পদক শুধু প্রশাসন ক্যাডারের জন্য নয়।

এটি প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীর জন্য। সবাই আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্ট একজন পদস্থ কর্মকর্তা এ প্রসঙ্গে যুগান্তরকে বলেন, জনপ্রশাসন পদক পাওয়া নিয়ে শুরু থেকেই অনেকের মধ্যে একটা ভুল ধারণা লক্ষ করা যাচ্ছে।

কেউ কেউ এটাকে প্রশাসন ক্যাডারের পদক মনে করে থাকেন। কিন্তু তা আদৌ সঠিক নয়। তিনি জানান, আমরা এ বিষয়ে সচেতন করার জন্য অন্যান্য ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় ও দপ্তরে চিঠি পাঠিয়েও বিষয়টি অবহিত করেছি; যাতে সব সেক্টর থেকে আবেদন আসে। কিন্তু এখনো সেভাবে সাড়া মেলেনি।

প্রসঙ্গত, জনপ্রশাসন পদকের জন্য ২০১৫ সালের ২৫ জানুয়ারি এ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়। নীতিমালা অনুযায়ী জাতীয় ও জেলা পর্যায়ে ছয় ক্যাটাগরিতে পদক দেওয়া হচ্ছে।

২০১৬ সাল থেকে প্রতি বছর ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে এই পদক দেওয়া হচ্ছে। দিনটি জনপ্রশাসন দিবস হিসাবে পালিত হয়ে আসছে।

ওই বছর প্রথমবারের মতো সাধারণ ও কারিগরি ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে ছয়টি এবং জেলা পর্যায়ে আটটিসহ মোট ১৪টি জনপ্রশাসন পদক দেওয়া হয়। যেখানে ২৬ জন ব্যক্তি এবং চারটি প্রতিষ্ঠান এ পুরস্কার পায়।

২০১৭ সালে সাধারণ ও কারিগরিতে চারটি এবং জেলা পর্যায়ে ১০টিসহ মোট ১৪টি পুরস্কার দেওয়া হয়। ৩৯ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়।

২০১৮ সালে জাতীয় পদক পান ৩৯ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। সবশেষে ২০১৯ সালে জাতীয় পর্যায়ে পঁচটি এবং জেলা পর্যায়ে ১০টিসহ মোট ১৫টি পদক দেওয়া হয়। এখানে ৪৫ জন ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হয়।

আবেদনপত্র বাছাইয়ের জন্য জেলা পর্যায়ে ডিসি এবং কেন্দ্রীয়ভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে জাতীয় কমিটি নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে থাকে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930