ব্রেকিং নিউজঃ

পিলখানা হত্যা মামলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৯ আসামির আপিল

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকা ৯ আসামি খালাস চেয়ে আপিল করেছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তাদের পক্ষে আপিল দায়ের হয়।

আপিল করা ৯ আসামি হলেন- সিপাহি কামাল মোল্লা, আবদুল মোহিত, বজলুর রশীদ, মো. মনিরুজ্জামান, হাবিলদার ইউসুফ আলী, এটিএম আনিসুজ্জামান, সুবেদার মো. শহিদুর রহমান, নায়েক সুবেদার ফজলুল করিম ও নায়েক আবু সাঈদ আলম।

আসামিপক্ষের অন্যতম আইনজীবী আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়েছে। এসব আপিলে বিচারিক আদালতের রায়, হাইকোর্টের রায়, আনুষঙ্গিক কাগজপত্রসহ মোট পৃষ্ঠাসংখ্যা ৮ লাখ ৩৪ হাজার ৩৪৫ এ দাঁড়িয়েছে।

তিনি জানান, অন্য আসামিদের ক্ষেত্রে যেন এসব নথি না দিতে হয়, সে ব্যাপারে প্রধান বিচারপতি বরাবরে আবেদন করা হয়েছে। তিনি অনুমতি দিলে ১৩ জানুয়ারির মধ্যে তাদের বিষয়ে আপিল করতে পারবো।

হাইকোর্টে খালাসপ্রাপ্ত এবং যাদের সাজা কমানো হয়েছে সে সব আসামিদের বিরুদ্ধেও ইতোমধ্যে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

এ ঘটনায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদন্ড, ১৬০ জনের যাবজ্জীবন কারাদন্ড, ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ২৭৮ জনকে খালাস দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানিশেষে হাইকোর্ট ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন।

গত বছরের ৮ জানুয়ারি ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার হাইকোর্টের রায় প্রকাশ হয়।

বিচারিক আদালতে দেয়া মৃত্যুদন্ড দন্ডিতদের মধ্যে ১৩৯ জনের মৃত্যুদন্ড হাইকোর্টে বহাল রাখা হয়েছে। এছাড়া একজন মারা গেছেন। বাকি ১২ জনের মধ্যে আটজনের সর্বোচ্চ সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য চারজনকে বেকসুর খালাস দেয়া হয়। যাবজ্জীবন দেয়া হয়েছে ১৮৫ জনকে। তার মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন।

১৩ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন দু’জনকে। ১৫৭ জনকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছেন। এর মধ্যে দু’জন মারা গেছেন। ১৩ জনকে সাত বছর করে, ১৪ জনকে তিন বছর করে, এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে দু’জনকে। মোট ৫৫২ জনকে সাজা এবং ২৮৩ জনকে খালাস দেয়া হয়েছে। মোট মারা গেছেন ১৪ জন।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) বিদ্রোহের ঘটনা ঘটে। ওই বিদ্রোহের সময় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

আসামির সংখ্যার দিক থেকে এটিই দেশের ইতিহাসে বৃহত্তর মামলা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930