ব্রেকিং নিউজঃ

ক্ষমতায় যেতে ওত পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস: ওবায়দুল কাদের

ক্ষমতায় যেতে ওত পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৩ নভেম্বর) সকালে নোয়াখালী জেলার তার নির্বাচনী এলাকার কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও অসচ্ছল, ত্যাগী এবং প্রয়াত নেতাকর্মীদের পরিবারের মাঝে অনুদান বিতরণ ও প্রয়াত নেতাকর্মীদের স্মরণসভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

অসচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সাহায্য-সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই ক্ষমতার অপব্যবহার করবেন না।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যেই প্রায় সবকিছুই পূরণ করা হয়েছে, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং গ্যাস সরবরাহ শিগগির দেওয়া হবে।

নোয়াখালীতে ইতোমধ্যেই সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ফেনী-চৌমুহনী-সোনাপুর চারলেন প্রকল্প চলমান রয়েছে এবং রেল যোগাযোগ আরও উন্নত করতে নেওয়া হচ্ছে পরিকল্পনা।

তিনি বলেন, দাগনভূইয়া-বসুরহাট-কবিরহাট-সোনাপুর সড়ক প্রশস্তকরণ ছাড়াও কবিররহাট-সোনাপুর সড়কের বাঁক সরলীকরণ করা হয়েছে।

একটি দল আন্দোলন এবং নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবার আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্লজ্জভাবে বলে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়!

তিনি বলেন, গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা।

বিএনপিকে হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, এখনও সময় আছে আগুন নিয়ে খেলবেন না। মানুষের জীবন এবং সম্পদ ধ্বংসের রাজনীতি প্রকারান্তরে জনগণের কাছে আপনাদের রাজনীতির অপমৃত্যু ঘটতে পারে।

বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে প্রকাশ্যে এবং গোপনে অগণতান্ত্রিক চর্চায় কোনও ফল আসবে না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপির রাজপথ দখলের হুমকি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণ আপনাদের কাছে রাজপথ লিজ দেয়নি যে, দখলে নেবেন।

তিনি বলেন, অপদখল থেকে কীভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও হুঁশিয়ার করে দিয়ে বলেন, ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ, নারী অবমাননাকারীর সঙ্গে যারাই জড়িত তাদের জন্য আওয়ামী লীগে দরজা চিরকালের জন্য বন্ধ।

দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে নেতারা হবেন আদর্শগত শিক্ষক, তাদের অনুসরণ করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930