বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে: রেলমন্ত্রী
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণে দেশের আভ্যন্তরীণসহ আঞ্চলিক যোগাযোগের ব্যবস্থা সুগম হবে। দেশ-বিদেশের ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিত হবে।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ডুয়েল গেজের এ সেতু নির্মাণের মধ্যে দিয়ে ভারত, নেপাল, বার্মা এবং চীনের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা সচল হবে। এ অঞ্চলে ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে। সিরাজগঞ্জ হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোগের প্রস্তাবনা রয়েছে।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, রেলপথ সচিব সেলিম রেজা, মহাপরিচালক শামছুজ্জামান, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, কৃষক লীগ নেতা আব্দুল লতিফ তারিন প্রমুখ। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ২৯ নভেম্বর সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধু সেতুর পাশে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমাংশে অনুষ্ঠানের মূল অংশ অনুষ্ঠিত হবে।
