শুক্রবার বসছে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান
শুরু হলো পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসানোর কাজ। এরই মধ্যে স্প্যানটি নিয়ে যাওয়া হয়েছে ২ ও ৩ নম্বর পিলারের কাছে।
শুক্রবার (০৬ নভেম্বর) স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে প্রায় সাড়ে ৫ কিলোমিটার সেতু।
আর ডিসেম্বরের মধ্যেই পুরো সেতু দাঁড় করানোর আশা সেতু কর্তৃপক্ষের।
এ স্থানে আগে বসানো স্প্যানগুলোর অভিজ্ঞতা থেকে এবার শুরু থেকেই ২ দিন হাতে রেখে ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা নেয়া হয়।
প্রাথমিকভাবে পরিকল্পনা ছিলো বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরের পর স্প্যান নিয়ে যাওয়া হবে নির্ধারিত পিলার ২ ও ৩ নম্বরের কাছে৷
সব কিছু গুছিয়ে রেখে শুক্রবার সকালে বসিয়ে দেয়া হবে ৩৬তম স্প্যান।
তবে বৃহস্পতিবার সকালে সব কিছু অনুকূলে থাকায় পরিকল্পনা এগিয়ে আনা হয়।
নদীতে কুয়াশা থাকলেও সকাল সাড়ে ১০ টায় কুমারভোগ ইয়ার্ড থেকে রওয়ানা হয়ে ঘণ্টা ২ সময় নিয়ে পৌঁছে যায় পিলারের কাছে।
এরপর শুরু হয় স্প্যান নিয়ে আসা ভাসমান ক্রেনটি নোঙর করার কাজ। দুই পাশে নদীর তলদেশে মোটা ক্যাবল প্রবেশ করিয়ে বেধে ফেলা হয় ৩৬শ’ মেট্রিক টন ওজনবহনে সক্ষম অত্যাধুনিক ক্রেনটি।
ক্রেনের চলার পথে আশপাশের সব নৌযান সরিয়ে নিয়ে এটিকে প্রস্তুত করা হয় চূড়ান্তভাবে বসানোর জন্য।
তবে দুপুর ২টার পর পরিকল্পনা পাল্টে ফেলা হয়।
আগের পরিকল্পনায় ফিরে গিয়ে দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সকালে স্প্যান বসানোর সিদ্ধান্ত জানানো হয়।
