ভ্যাকসিন আনতে খুব দ্রুতই কার্যকর পদক্ষেপ নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনার ভ্যাকসিন আনার বিষয়ে খুব দ্রুতই কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি আরো জানান, ভ্যাকসিন আনার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা নেয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক আয়োজিত ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস ২০২০’ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশেই কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।
আমাদের দেশে আগামী শীত মৌসুমে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হবার ব্যাপারে কথা হচ্ছে।
তবে,আমরা সরকারিভাবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। স্বাস্থ্যখাতের পাশাপাশি সরকারের অন্যান্য মন্ত্রণালয়ও কোভিড নিয়ে কাজ শুরু করেছে। কাজেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও জনমনে আতংকিত হবার কারণ নেই।
সম্মিলিতভাবেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা হবে। দেশে করোনার ভ্যাকসিন আনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন আনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা নেয়া হয়েছে।খুব দ্রুতই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনাকালীন মহামারিতে দেশের সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা দিতে সরকার প্রতিদিন একজন করোনার রোগীর পেছনে সাধারণ বেডে সাড়ে ১৫ হাজার টাকা ও আইসিইউ বেডে প্রতিদিন ৪৭ হাজার টাকা ব্যয় করছে।
এভাবে একজন কোভিড রোগীর জন্য সরকার গড়ে দেড় লাখ থেকে ৫ লাখ টাকা ব্যয় করছে।
সন্ধানীর সেবাদান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সন্ধানী ৪৩ বছর যাবত দেশের মানুষের জন্য মহৎ কাজ করে যাচ্ছে। সরকার সন্ধানীর সকল মহৎ কাজে সঙ্গেই থাকবে।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সভায় উপস্থিত স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবদের যথাযথ উদ্যোগ নেবার জন্য নির্দেশনা প্রদান করেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি তানভীর হাসান ইকবাল,সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. মোসাদ্দেক হোসেন সিদ্দিকী, মহাসচিব ডা. মো. জয়নুল ইসলাম প্রমুখ।
