ব্রেকিং নিউজঃ

রংপুরে পায়ুপথে বাতাস দিয়ে শ্রমিক হত্যা

রংপুর জেলার মাহিগঞ্জের দেওয়ানটুলি এলাকায় জমজম ফিড মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শ্রমিক আজ শুক্রবার সকালে মারা গেছেন। মৃত মহির উদ্দিন (৫৫) দেওয়ানটুলির কাইদাহারা মহল্লার বাসিন্দা।

এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া বেগম তিনজনকে আসামি করে মাহিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে ফিড মিলের মেশিনের বাতাস বের হওয়ার পাইপ দিয়ে শরীর পরিষ্কার করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় সহকর্মী রশিদুল ইসলাম শ্রমিক মহিরের শরীর পরিষ্কার করার সময় সেই পাইপ তার পায়ুপথে ঢুকিয়ে দেন। এতে পেট ফুলে গিয়ে মহির অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক মিলের অন্য শ্রমিকদের সহায়তায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আইসিইউতে কর্মরত চিকিৎসক ডা. জামাল উদ্দিন মিন্টু জানান, পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার কারণে মহিরের খাদ্যনালীর নিম্নাংশ ছিঁড়ে যায়। গত বুধবার অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টায় তিনি মারা যান।

ঘটনার পর থেকে অভিযুক্ত শ্রমিক রশিদুল ইসলাম, জহিরুল ইসলাম বাবু ও জহুরুল ইসলাম পলাতক রয়েছেন।

মামলার বাদী আলেয়া বেগম জানান, আসামিরা তাঁর স্বামীকে হত্যার উদ্দেশ্যে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিয়েছেন। আসামিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

জমজম ফিড মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন আজিজি বলেন, রশিদুলকে শরীর পরিষ্কার করতে বলেছিলেন মহির। রশিদুল পাইপের সাহায্যে শরীর পরিষ্কার করার সময় পায়ুপথে বাতাস ঢুকে যায়। এতে মহির অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, ‘পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার ঘটনা দুষ্টুমি না অন্য কিছু, তা খতিয়ে দেখাসহ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031