ব্রেকিং নিউজঃ

দেশে ২০ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

২০৪১ সালের মধ্যে দেশে ২০ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়ের অধীন তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি)। সিডিবির নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন বলেছেন, মাত্র দুই লাখ হেক্টর জমিতে তুলা চাষ করে এ লক্ষ্য অর্জন সম্ভব, সে জন্য হেক্টরপ্রতি গড় উৎপাদন ১০ বেলে উন্নীত করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ব তুলা দিবস-২০২০ উপলক্ষে সিডিবি আয়োজিত আন্তর্জাতিক ওয়েবিনারে এ তথ্য তুলে ধরেন।
এ সময় ফরিদ উদ্দিন আরো জানান, বাংলাদেশে ২০১৯-২০ অর্থবছরে ৪৪ হাজার হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে এবং উৎপাদন ছিল এক লাখ ৭১ হাজার বেল। সম্প্রতি তুলা উন্নয়ন বোর্ডের হাইব্রিড উন্নত জাতের তুলা উদ্ভাবন ও চাষের ফলে দেশে তুলা উৎপাদন বাড়ছে। বাংলাদেশে প্রতিবছর বিপুল পরিমাণ তুলা আমদানি করতে হয়। ২০১৯-২০ অর্থবছরে আমদানি করতে হয়েছে ৭১ লাখ বেল তুলা, যার পেছনে ব্যয় হয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা।
আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, ‘তুলা উৎপাদনের ওপর সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। সরকার সব দিক দিয়ে তুলা উন্নয়ন বোর্ডকে শক্তিশালী করছে। সম্প্রতি তুলা উন্নয়ন বোর্ডের নিজস্ব ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। ভৌত অবকাঠামো, যন্ত্রপাতি, ল্যাবরেটরির স্থাপন ও দক্ষ মেধাবী জনবল নিয়োগ করছে। যাতে করে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর উপযোগী নতুন জাত উদ্ভাবন করে তুলা উৎপাদন ত্বরান্বিত ও লক্ষ্যমাত্রা অর্জন করা যায়।’
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটির নির্বাহী পরিচালক কাই হিউজেস, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান এস এম বখতিয়ার, মিশরের কটন রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক আল সাইদ নেগম প্রমুখ বক্তব্য দেন।
দেশে তুলা চাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর তুলা উন্নয়ন বোর্ড গঠিত হয়। এটি দেশে তুলা গবেষণা, তুলা চাষ সম্প্রসারণ, বীজ উৎপাদন ও বিতরণ প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। খাদ্য উৎপাদনে কোনো বিঘ্ন না ঘটিয়ে তুলা চাষ সম্প্রসারণের জন্য তুলা উন্নয়ন বোর্ড অপ্রচলিত অঞ্চল যেমন, তামাক ও কৃষি বনায়ন জমিতে, লবণাক্ত, চর ও পাহাড়ি এলাকায় তুলা চাষ সম্প্রসারণ করছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930