১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের নিয়ে গঠিত হচ্ছে ‘জাতীয় দাবী আদায় ফোরাম’
ঢাকা: দীর্ঘ দিন যাবত ১৪ লাখ সরকারি কর্মচারীদের ন্যায্য দাবী ৮দফা আদায়ে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম। বিগত দিনে অসংখ্য বার সংবাদ সম্মেলন, ৬৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, জাতীয় বেতন বৈষম্য নিরসন কমিটির সদস্যদের কাছে স্মারকলিপি প্রদান, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্থায়ী কমিটির সভাপতি ও ১২০ জনের অধিক সংসদ সদস্যদের কাছে স্মারকলিপি প্রদান, জাতীয় প্রেসক্লাবের সামনে সর্ববৃহৎ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।
দাবী সমূহ আদায়ে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে গত ১৮ সেপ্টেম্বর তারিখ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে ফোরামটি আগামী ৩০ অক্টোবর ৬৪ জেলায় মানববন্ধন কর্মসূচী এবং ১ নভেম্বর তারিখ পুনরায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী ঘোষণা করে।
দাবী আদায়ে ঐক্যের বিকল্প নাই এই শ্লোগানকে সামনে রেখে ফোরামটি একটি জাতীয় দাবী আদায় ফোরাম গঠনের আহ্বান জানিয়েছে। ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. মিরাজুল ইসলাম বলেন, ১৪ লাখ সরকারি কর্মজীবীর ন্যায্য দাবী আদায়ে আমরা দীর্ঘ দিন যাবত কাজ করে আসছি।
আমি চায় সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা একটি জাতীয় দাবী আদায় ফোরাম গঠন করতে।
কারণ আমাদের দাবী এক, আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক।
আমাদের সবই যখন এক তখন একসাথে চাইতে সমস্যা কি?আমি বিশ্বাস করি যদি সম্মিলিত ভাবে আমাদের দাবী তুলে ধরি তাহলে প্রধানমন্ত্রী আমাদের নিরাস করবেন না, তিনি বঙ্গবন্ধুর কন্যা, মানবতার মা তিনি তার সন্তানদেরকে অবশ্যই দেখবেন।
তিনি আরো বলেন, আমি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি যেমন, বাংলাদেশ কর্মচারী কল্যান ফেডারেশন, সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ, বাংলাদেশ সরকারি গাড়ীচালক সমিতি, ১৬-২০ গ্রেড কর্মচারী সমিতি, সরকারী কর্মচারী সংহতি পরিষদ, বাংলাদেশ তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি, স্বাধীনতা সরকারি চাকরিজীবী জাতীয় পরিষদ ইত্যাদি।
খুব শিঘ্রই আমরা একটি মতবিনিময় সভা করতে যাচ্ছি এবং মতবিনিময় সভা থেকে আমরা আমাদের সম্মিলিত দাবী দাওয়া নিয়ে কর্মসূচী পালন করবো ইনশাআল্লাহ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১১-২০ ফোরাম কর্তৃক ঘোষিত কর্মসূচী অব্যাহত থাকবে। তবে আমরা সব সময় চাই সম্মিলিত ভাবে সকল কর্মসূচী পালন করতে।
প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের দাবি বাস্তবায়নে সরকারি কর্মচারী সংহতি পরিষদ ঐতিহ্যবাহী বৃহৎ সংগঠন। এরশাদ সরকারের সময়ে ১৯৮৮ সালে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
এ পর্যন্ত কর্মচারীদের গুরুত্বপূর্ণ যত দাবি বাস্তবায়ন হয়েছে, তার বেশির ভাগ এ সংগঠনের মাধ্যমে হয়েছে। সংগঠনটির প্রথম সভাপতি ছিলেন রাষ্ট্রপতি সচিবালয়ের শাখা সহকারী সৈয়দ মহিউদ্দিন এবং মহাসচিব এজি অফিসের কর্মচারী নেতা কাজীমুদ্দিন।
নব্বইয়ে এরশাদবিরোধী আন্দোলন এবং ১৯৯৬ সালে জনতার মঞ্চে বিএনপি সরকারবিরোধী আন্দোলনে এই সংগঠনের ভূমিকা ছিল প্রকাশ্যে। যে কারণে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে সংগঠনটির কার্যক্রম এক রকম বন্ধ হয়ে যায়। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১২ সালে কাউন্সিলের মাধ্যমে নতুন করে এর যাত্রা শুরু হয়।
সচিবালয়সহ বিভিন্ন দফতরে শাখা কমিটি রয়েছে কর্মচারী সংহতি পরিষদের। বর্তমানে লিখিত ১২ দফা দাবি নিয়ে কাজ করছেন সংগঠনের নেতারা। এ বিষয়ে জনমত তৈরি করতে তারা লিফলেট ও পোস্টার ছেপে প্রচারণার কাজ করেছেন।
অপরদিকে কর্মচারী কল্যাণ ফেডারেশনও সচিবালয়ের বাইরে বৃহৎ সংগঠন। দফতর সংস্থাসহ এর অধীনস্থ মাঠপর্যায়ের সব কর্মচারীর দাবিদাওয়ার কথা বলে ফেডারেশন।
৭ দফা দাবি আদায়ে এই সংগঠনের নেতারা ২০১৫ সাল থেকে মাঠে সক্রিয় রয়েছেন। পাশাপাশি কর্মচারী উন্নয়ন পরিষদ নামে আরও একটি সংগঠনের এই প্ল্যাটফরমে শামিল হওয়ার কথা রয়েছে।
এফ/এন/০৪/
