পিছু হটছে আর্মেনীয় বাহিনী, আরো অর্ধশতাধিক নিহত
বিরোধপূর্ণ নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ অব্যাহত আছে। সংঘর্ষে শনিবার (৩ সেপ্টেম্বর) নিজেদের আরো অর্ধশতাধিক সেনা নিহতের কথা জানিয়েছে আর্মেনিয়া।
এনিয়ে দুই শতাধিক সেনা সদস্য নিহতের কথা স্বীকার করলো দেশটির সরকার।
তবে বেসামরিক নাগরিকদের হতাহতের খবর প্রকাশ করলেও এখনো পর্যন্ত কোনো সেনা হতাহতের খবর প্রকাশ করেনি আজারবাইজান।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটির খবরে বলা হয়েছে, শনিবারও আর্মেনীয় সরকার নিহত যোদ্ধাদের তালিকা সরকারি ওয়েবসাইটে প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, আজারি সেনাদের ভয়াবহ আক্রমণের মুখে আর্মেনিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের ওই এলাকা থেকে প্রত্যাহার করা হয়েছে।
কারাবাখ বিচ্ছিন্নতাবাদী নেতা আরাইক হারুথাইউনইয়ান বলেন, আজারবাইজানের সেনারা চূড়ান্ত যুদ্ধ শুরু করেছে। আমাদের জাতিসত্ত্বা ও মাতৃভূমি এখন হুমকির মুখে।
শক্তিশালী সামরিক শক্তির হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।
কারাবাখ সেনাবাহিনীর মুখপাত্র সুরেন সারুমইয়ান ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোরকে বলেন, আজারবাইজানের বিমান, ড্রোন ও ট্যাংকের সামনে ‘বীরত্বপূর্ণ প্রতিরোধ’ গড়েছে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা।
এদিকে নতুন করে আরো বেশ কিছু এলাকা দখলে নেয়ার দাবি করেছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে তারা বলেছে, কারাবাখের নতুন এলাকা দখল নিয়েছে আজারবাইজানের স্থলবাহিনী, ওই এলাকা শত্রুবাহিনী থেকে মুক্ত করা হয়েছে।
