ব্রেকিং নিউজঃ

শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে আবারও ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল আবারও বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। নাব্য সংকটের কারণে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র ব্যবস্থাপক সাফায়েত আহমেদ এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে ৫টি ফেরি চলছিল এই নৌরুটে। ফেরিগুলো হলো-কাকলি, কিশোরী, কুমিল্লা, ফরিদপুর, ক্যামেলিয়া। বেলা সাড়ে ১২টার দিকে কুমিল্লা নামের একটি ফেরি নাব্য সংকটের কারণে চ্যানেলে আটকে যায়। এরপর ক্যামেলিয়া ও কাকলি ফেরি দুইটি একই পথে গিয়ে আবার ফিরে আসে। কুমিল্লা ফেরিটি উদ্ধার হয়নি। এরপর থেকেই সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। চ্যানেলে ফেরি চালানোর জন্য পানির উপযোগী গভীরতা নেই।

জানা গেছে, গত ৮দিন ধরে সীমিত পরিসরে এই নৌরুটে ফেরি চলাচল করছিল। রবিবার বিকালে শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ছিল ৬৫টি ট্রাক ও ৩০ যাত্রীবাহী গাড়ি। ফেরি বন্ধের কারণে যাত্রীবাহী গাড়িগুলোর কিছু ফিরেও যাচ্ছে। ফেরি চালু থাকা অবস্থায় ১৬০টির মতো যানবাহন ফেরিতে পারাপার হয়েছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুর নূর তুষার জানান, কুমিল্লা ফেরিটি উদ্ধারের পর সিদ্ধান্ত নেওয়া হবে ফেরি চলবে কিনা। তবে দীর্ঘদিন যাবৎ নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যা ৬টার পর প্রতিদিন বন্ধ রাখা হচ্ছে ফেরি চলাচল।

শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহম্মেদ আলী জানান, চ্যানেলে যে জায়গায় ড্রেজিং করেছে ঐ জায়গা আবার পলি দিয়ে ভরাট হয়ে গেছে। সকালে ৮ফুট পানি ছিল কিন্তু, বিকালে ৫ ফুট পানি। এই পরিস্থিতি থাকলে ফেরি চালানো যাবে না। পলি অপসারণ করে চ্যানেল বুঝিয়ে না দেওয়া পর্যন্ত কবে ফেরি চলবে বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে ফেরি চলাচল ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় এই রুটে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সেপ্টেম্বর মাসের বেশিরভাগ দিন ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল। চলতি মাসে এই রুটে বহরের ১৬টি ফেরির সবগুলো কোনদিনই চলতে পারেনি। নাব্য সংকটের কারণে সীমিত আকারে কয়েকদিন মাত্র ফেরি চলতে পেরেছিল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31