ব্রেকিং নিউজঃ

গলার ভেতরে আস্ত কৈ মাছ, বের করলেন চিকিৎসকরা

মাছ ধরতে গিয়ে গলায় ঢুকে পড়ে আস্ত জ্যান্ত কৈ মাছ। ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার করে সেই মাছ বের করেছেন চিকিৎসকরা।

গত মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অবস্থিত রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরার নেতৃত্বে একদল চিকিৎসক গলা কেটে আটকে থাকা কৈ মাছ বের করে আনেন।

গলায় কৈ মাছ আটকে যাওয়া যুবকের নাম মো. শফিক মিয়া (২৫) করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের দর্গাভিটা গ্রামের মো. আবদুল হাকিমের ছেলে। তিনি স্থানীয় একটি গরুর খামারে কাজ করেন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো. মোস্তফা কামাল বলেন, শফিক গতকাল বাড়ির পাশে পাড়া বালিয়া এলাকার হুগলী বিলে মাছ শিকার করতে যান।

এ সময় বৃষ্টির পানিতে ভেসে আসা একটি কৈ মাছ খালি হাতে ধরার পর আরেকটি কৈ মাছ তাঁর নজরে আসে।

সঙ্গে সঙ্গে শফিক হাতের কৈ মাছটি মুখের ভেতর দাঁতের সাহায্যে কামড় দিয়ে আটকে অন্য মাছটি ধরতে যান।

এ সময় অসতর্কতাবশত কামড় দিয়ে ধরে রাখা কৈ  মাছটি ছুটে গলার ভেতরে ঢুকে যায়।

মোস্তফা কামাল বলেন, ‘শফিকের চিৎকার শুনে আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে দ্রুত তাঁকে নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।’

হাসপাতালের অধ্যক্ষ ডা. আ ন ম নৌশাদ খান বলেন, ‘বর্তমানে শফিকের অবস্থা সংকট মুক্ত হলেও তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930