গলায় গামছা প্যাঁচানো মরদেহ পড়ে ছিল ধানক্ষেতে
কিশোরগঞ্জের করিমগঞ্জে রাস্তার পাশে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ-চামড়া সড়কের পাশে কিরাটন বিলপাড়া এলাকায় ধানক্ষেত থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মাঝবয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিলপাড়া এলাকায় একটি পুকুরের পাশে ধানক্ষেতে কাদার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। গলায় গামছা প্যাঁচিয়ে তাকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের।
করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান সুমন জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
