মসজিদে বিস্ফোরণ: অবৈধ বিদ্যুৎ সংযোগ প্রদানকারী গ্রেফতার
নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের আট কর্মকর্তা- কর্মচারীর পর বিদ্যুতের অবৈধ লাইন সংযোগ প্রদানকারী বিদ্যুৎ মোবারক হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকা তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র ইন্সপেক্টর বাবুল হোসেন।
তিনি জানান, গ্রেফতারের পর রবিবার দুপুরে মোবারকের ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা ট্রিবিউনকে ইন্সপেক্টর বাবুল বলেন, “বায়তুস সালাত জামে মসজিদে ২টি বৈদ্যুতিক সংযোগ রয়েছে। এর মধ্যে একটি অবৈধ সংযোগ রয়েছে।
এই অবৈধ সংযোগ প্রদানের কাজ পুরোটাই করেছিলেন মোবারক হোসেন। তবে তার সাথে ডিপিডিসি’র কোনো সম্পৃক্ততা নেই।
মোবারক এলাকায় বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করে। মূলত অবৈধ ওই বৈদ্যুতিক সংযোগের বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।”
এর আগে শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের বহিস্কৃত ৪ কর্মকর্তা সহ ৮ জনকে গ্রেফতার করে সিআইডি। পরে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে আটজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ ৫০ জন দগ্ধ হয়।
এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং একজন সুস্থ হয়ে হাসপাতালা ছেড়েছেন। বর্তমানে আরও তিনজন রোগী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
