আল্লামা শফীর মৃত্যু নিয়ে ‘কটুক্তি’ করায় গ্রেফতার
নারায়ণগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে মুফতি আলাউদ্দিন জিহাদী নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার মাহমুদপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে দেওভোগ মাদ্রাসার খতিব হারুনুর রশীদ বাদি হয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগ এনে মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলাউদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর পরই ফতুল্লা মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদৌস জানান, “মাওলানা আহমদ শফীর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিসহ সারাদেশ শোকাহত। কিন্ত আলাউদ্দিন জিহাদী হযরতের কটুক্তি করেছে। আমরা তার সর্বোচ্চ বিচার চাই।”
