ইউএনওর ওপর হামলা: ৭ দিনের রিমান্ডে ২ আসামি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা অমর আলীকে সরকারি বাসভবনে ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় দুই আসামিকে ৭ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ আদেশ দেন দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু। এরআগে ওই দুই আসামিকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত-৭ এ হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ওই দুই আসামির ৭ দিনের রিমান্ড মজ্ঞুর করেন আদালত। আসামিরা হল, রংমিস্ত্রী নবীরুল ইসলাম ও সান্টু কুমার। তবে মামলাটির প্রধান আসামি আসাদুল হক রংপুর মেডিকেলে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি বলে দিনাজপুর ডিবি অফিস সূত্রে জানা গেছে। অন্যদিকে, মামলাটির বাদী ইউএনওর বড় ভাই শেখ আরিফ হোসেন।
ইতোমধ্যে মামলাটি গোয়েন্দা সংস্থা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের আবাসিক ভবনে (শাপলা ভবন) ঢুকে ইউএনও ওয়াহিদা খানমকে হাতুডি দিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় তার চিৎকারে তার সঙ্গে থাকা পিতা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও জখম করে।
