ব্রেকিং নিউজঃ

রাজশাহী বিভাগে অর্জিত হচ্ছে না ধান-চাল সংগ্রহের তেমন লক্ষ্যমাত্রা

চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের সময়সীমা আরও রয়েছে মাত্র ৩ দিন। তবে এখন অব্দি উত্তরাঞ্চলে ১৬টি জেলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ হয়েছে মোট লক্ষ্যমাত্রার অর্ধেকের কম। খাদ্য অধিদপ্তর বলছে, টানা বৃষ্টি ও বন্যার পাশাপাশি ধানের দাম বেশি। আর হাট-বাজারে পর্যাপ্ত ধান সরবরাহ না থাকায় এবার সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না।

গত ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বোরো মৌসুমে ধান সংগ্রহ শুরু হয়। আর চাল সংগ্রহ শুরু হয় ৭ মে থেকে। এ ধান ও চাল সংগ্রহ অভিযান শেষ হচ্ছে ৩১ আগস্ট। এবার প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয় ২৬ টাকা এবং সিদ্ধ চাল ৩৬ টাকা। সরকার চলতি বোরো মৌসুমে দেশে মোট ৮ লাখ মেট্রিক টন ধান এবং ১০ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এছাড়া আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় দেড় লাখ টন। এরমূল্য ধরা হয় প্রতি কেজি ৩৫ টাকা। কিন্তু গত ৪ মাসে ধান ও চাল সংগ্রহ অর্জিত হয়েছে মোট লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ।

রাজশাহী বিভাগের ৮ জেলায় এবার ২ লাখ ৩৯ হাজার ৬৭ মেট্রিক টন চাল এবং ১ লাখ ৪২ হাজার ৪৯৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছিল। সেখানে চাল সংগ্রহ হয়েছে ১ লাখ ২২ হাজার মেট্রক টন এবং ধান সংগ্রহ হয়েছে মাত্র ৩৭ হাজার মেট্রিক টন। অর্থাৎ ধান সংগ্রহ হয়েছে শতকরা ২৬ এবং চাল সংগ্রহ হয়েছে শতকরা ৫২ ভাগ।

রাজশাহী বিভাগের ধান, চাল সংগ্রহের একটি বড় জেলা বগুড়া। বগুড়া জেলায় এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৪ হাজার ৮৬৬ টন। বিপরীতে সংগ্রহ হয়েছে প্রায় ১৬ হাজার টন। আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় ৩ হাজার ৬৩০ টন কিন্তু পাওয়া গেছে মাত্র ৬২৪ টন। আর সিদ্ধ চালের লক্ষ্যমাত্রার ৭১ হাজার ৮৪৮ টনের মধ্যে পাওয়া গেছে ৩১ হাজার ১’শ টন।

রংপুর বিভাগে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩৬ হাজার ২২৮ টন সেখানে সংগ্রহ হয়েছে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন এবং ১ লাখ ৪২ হাজার ২৭ মেট্রিক ধান সংগ্রহের বিপরীতে অর্জিত হয়েছে মাত্র ৩০ হাজার ২৯০ মেট্রিক টন।

ধান সংগ্রহের বড় জেলা দিনাজপুর। জেলায় এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্র ধরা হয় ৩২ হাজার ৮ মেট্রিক টন সেখানে অর্জিত হয়েছে মাত্র ৭ হাজার মেট্রিক টন। ৯১ হাজার মেট্রিক টন চালে সংগ্রহের বিপরীতে সংগ্রহ হয়েছে ৫৪ হাজার মেট্রিক টন।

ধান চাল সংগ্রহ অভিযান সফল না হওয়ার ব্যাপারে রাজশাহী আঞ্চলিক খাদ্য কর্মকর্তা রায়হানুল কবির জানান, এবার টানা বৃষ্টি ও বন্যার পাশাপাশি ধানের দাম বেশী এবং হাট-বাজারে পর্যাপ্ত ধান সরবরাহ না থাকায় সংগ্রহ অভিযান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে কৃষকদের ধানের ন্যায্য দাম প্রাপ্তিতে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা সফল।

চাল সংগ্রহ নিয়ে উত্তরাঞ্চলের চাউলকল মালিকদের ক্ষোভ রয়েছে। তারা জানান, এবার সরকার যে মূল্য নির্ধারণ করেছে তাতে সরকারি গুদামে চাল দিতে ব্যবসায়ীদের বড় অংকের লোকসান গুণতে হচ্ছে। সরকারি মূল্য অনুযায়ী এবং বর্তমান বাজারদরে কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বেশী। এতে করে তাদের লোকসান দিয়ে চাল দিতে হচ্ছে।

নওগাঁ জেলার ‘একতা রাইস’ মিল কর্তৃপক্ষের সাথে কথা হয়। তারা মৌসুমের শুরুতেই সরকারের সাথে চুক্তি অনুযায়ী বরাদ্দের ৩০ টনের পুরোটাই দিয়েছেন গুদামে। চালকলের ম্যানেজিং পার্টনার নিরদ বরণ শাহা জানান, সরকারি গুদামে চাল দেয়ার কারণে তাকে লোকসান গুণতে হয়েছে ৫৯ হাজার টাকা।

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক লায়েক আলী বলেন, ‘বন্যা আর বৃষ্টির কারণে চালকল মালিকরা সময় মত গুদামে চাল দিতে পারছেন না। এ ছাড়া মিলারদের লোকসান কমাতে সরকারের কাছে প্রতি কেজিতে আরও চার টাকা করে প্রণোদনার জন্য লিখিত আবেদন জানিয়েছি। কিন্তু সরকার এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। ফলে বাধ্য হয়ে চুক্তিবদ্ধ মিল মালিকদের লোকসান গুণে চাল দিতে হচ্ছে।

ধান চাল সংগ্রহ এবং চাল আমদানি নিয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারওয়ার মাহমুদ জানান, দেশে বন্যা পরিস্থিতির উন্নতির পাশাপাশি আবহাওয়া ভাল হওয়ায় সংগ্রহ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছুবে। খাদ্য শষ্যের আপদকালীন মজুদ ও বিভিন্ন ধরনের খাদ্য কর্মসূচি পরিচালনায় সরকারের সবধরনের প্রস্ততি রয়েছে। ২৫ আগস্ট পর্যন্ত দেশে প্রায় ৭ লাখ মেট্রিক টন চাল সরকারি গুদামে সরবরাহ হয়েছে। আর ধান কেনা হয়েছে প্রায় সাড়ে ২ লাখ মেট্রিক টন। ৩১ আগস্ট পর্যন্ত কী পরিমাণ চাল সংগ্রহ হয় এবং চাল মজুদের উপর নির্ভর করে আগামীতে আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930