শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ ভাবে বালু পরিবহনের দায়ে ৩ টি ট্রলি আটক
শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ ভাবে বালু পরিবহনের দায়ে ৩টি ট্রলী গাড়ী আটক করেছেন স্থানীয় বন বিভাগ কর্তৃপক্ষ।
সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী বিটের গভীর জঙ্গলের কাছে মালিটিলা নামক স্থানে গত কিছু দিন যাবৎ একটি বালু খেকো চক্র বন বিভাগের চোখকে ফাঁকি দিয়ে রাতের আধারে গোপনে পাহাড়ী সৌর্দয্য ও শাল গজারী ধ্বংস করে পাহাড় কেটে বালু উত্তোলন করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান ও গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ গত ১৮আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ঘটিকার দিকে অভিযান চালিয়ে অবৈধ বালু ভর্তি ৩টি ট্রলী গাড়ী আটক করতে সক্ষম হলেও তাদের উপস্থিতি টের পেয়ে গাড়ী চালকরা পালিয়ে যায়। আটককৃত ওই ট্রলীগুলোর মধ্যে ২টির মালিক নুর জালাল এবং অন্যটির মালিক মনো মিয়া। দীর্ঘদিন যাবৎ নুর জালাল, মোসা সর্দ্দার ও মনো মিয়া অবৈধ ভাবে বালু উত্তোলন, পরিবহনসহ ব্যবসা চালিয়ে আসছে। এ ব্যাপারে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন, অবৈধ ভাবে বালু পরিবহনের দায়ে আটককৃত ৩টি ট্রলীর মালিকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে ।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ না নিলে অচিরেই পাহাড়ের সৌর্দয্য ধ্বংস হয়ে যাবে ।
