করোনায় অধ্যাপক গোলাম রহমানের স্ত্রীর মৃত্যু
সাবেক প্রধান তথ্য কমিশনার ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন মারা গেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৫টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। অধ্যাপক গোলাম রহমান তার ফেসবুক টাইমলাইনে এ তথ্য জানিয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার পর থেকে নাঈম আরা হোসেন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এরপর থেকেই নিজের ফেসবুক টাইমলাইনে তাদের শারীরিক অবস্থার নিয়মিত অপডেট জানাতেন অধ্যাপক গোলাম রহমান। গত ১ জুলাই ফেসবুক টাইমলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই অধ্যাপক জানান, তিনিসহ তার পরিবার করোনামুক্ত। তার পরিবারের সবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে তার স্ত্রীর অক্সিজেন লেভেল কম হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
১২ জুলাই তিনি জানান, নাঈম আরা হোসেনকে হাসপাতালে অক্সিজেন সাপ্লিমেন্ট করতে হচ্ছে। করোনার কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত। তিনি সবার দোয়া চান। সর্বশেষ গত ১৯ জুলাই নাঈম আরা হোসেনকে আবারও আইসিইউতে নেয়ার কথা জানান তিনি।
