স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অপসারণ দাবিতে ‘কফিন মিছিল’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকে অপসারণসহ পাঁচ দফা দাবিতে ‘কফিন মিছিল ও বিক্ষোভ’ করেছে প্রগতিশীল ছাত্র জোট। বৃহস্পতি দুপুরে (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করেন।
মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে দুই দফা ধাক্কাধাক্কি শেষে তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শাহবাগ মোড় হয়ে চার দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রগতিশীল ছাত্র জোটের পাঁচ দফা দাবি হল- স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যের ডিজিকে অপসারণ এবং ‘সাহেদ-জেকেজি গংদের’ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা ও সবার জন্য রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শিক্ষার্থীদের বেতন-ফি ও মেস ভাড়া মওকুফ করা, পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এর আওতায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি দেওয়া।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরি জয় সমাবেশে বলেন, এই কফিন সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের ফসল। কোটি কোটি মানুষের দীর্ঘাশ্বাস রয়েছে এই কফিনে। সরকারের মন্ত্রীরা এই কফিনের চেয়ে শক্তিশালী নয়।
এই কফিন তাদের ব্যর্থতার প্রতীক। সরকারের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে এই দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনুন। পাঁচ দফা দাবি বাস্তবায়ন করে নিজেদের সংশোধন করুন।
অন্যথায় ক্ষমতার মসনদ ছেড়ে দিন। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ও প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক রাশেদ শাহরিয়ার বলেন, আমরা কফিন মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে যাচ্ছিলাম। পুলিশ আমাদের এখানে (শাহবাগ মোড়) অবস্থান করতে বাধ্য করেছে।
আমরা এখানে যাত্রীদের ভোগান্তিতে ফেলতে দাঁড়াইনি। আজকে দেশে হাজার হাজার মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। দিন দিন মানুষের নিরাপত্তাহীনতা বাড়ছে। দেশ এক অনিশ্চিত পরিস্থিতির দিকে যাচ্ছে। আমরা মানুষের জীবন রক্ষার দাবিতে এখানে দাঁড়িয়েছি।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “আপনারা আজকে আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছেন।… এই মহামারীতে হাজার হাজার পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। আপনাদের বাবা-মা আক্রান্ত হচ্ছেন।
