ব্রেকিং নিউজঃ

উপনির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানালো বিএনপি

বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপনির্বাচনে আগামী ১৪ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির বলেন, রোববার (৫ জুলাই) সন্ধ্যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মহাসচিব।

শায়রুল আরও বলেন, করোনা মহামারি ও বন্যার মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য মনে করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। এ জন্য বিএনপি এই দুটি আসনে উপনির্বাচনে অংশগ্রহণ করবে না।

উল্লেখ্য, বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপনির্বাচনে আগামী ১৪ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (৪ জুলাই) নির্বাচন কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

সচিব বলেন, নতুন করে কোনো মনোনয়নপত্র জমা, দাখিলের প্রয়োজন নেই। যেসব প্রার্থী ছিলেন এবং যে অবস্থায় নির্বাচন স্থগিত হয়েছিল, সে অবস্থা থেকেই আবার কার্যক্রম শুরু হবে।

ওই দুই সংসদীয় আসনে ২৯ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়। এখন সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এই নির্বাচন করছে ইসি। ১৫ জুলাই বগুড়া-১ আসনে এবং ১৮ জুলাই যশোর-৬ আসনে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান নির্ধারিত ১৮০ দিন শেষ হতে যাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930