ব্রেকিং নিউজঃ

সরকারের চরম অবহেলার কারণে স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে: মির্জা ফখরুল

সরকারের উদাসীনতা আর ভ্রান্তনীতির কারণে দিন দিন জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আস্থাহীনতার কারণেই হাসপাতালে যাচ্ছেন না করোনা আক্রান্তরা। তিনি বলেন, সরকার জানেও না, একজ্যাক্টলি তারা কী করবে।

রোববার (২৮ জুন) রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক দলের উদ্যোগে ‘করোনাভাইরাস প্রতিষেধক ওষুধ বিতরণ’ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত একেবারেই ভেঙে পড়েছে। আপনারা দেখে এসেছেন যে আমরা আগে থেকেই অনেকবার বলেছি স্বাস্থ্য খাতে সরকারের চরম অবহেলা করার কারণে, তাদের উদাসীনতার জন্য এবং কোভিড-১৯ এর আক্রমণের পর থেকে সঠিক সিদ্ধান্ত না নেয়ার কারণে, ভ্রান্ত নীতির কারণে আজকে বাংলাদেশে সবচেয়ে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। এখানে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। এখানে সরকারের তরফ থেকে স্বাস্থ্য অধিদফতর আছে তারা একেক সময় একেক রকম কথা বলছেন।

লকডাউন দেয়ার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, অনেকদিন আগেই বলা হয়েছে দেশে রেড জোন, ইয়োলো জোন, গ্রীন জোন করা হবে। ঢাকা শহরকে কতগুলো অঞ্চলে ভাগ করে রেড জোন চিহ্নিত করে লকডাউন দেয়া হবে। একমাত্র পূর্ব রাজা বাজার ছাড়া আর কোথাও এটা হয়েছে বলে আমার জানা নেই। আসলে আমার মনে হয় সরকার জানেও না যে একজ্যাক্টলি তারা কি করবেন? কি করতে চাচ্ছেন? এবং স্বাস্থ্য অধিদফতর একটি গাইডলাইন দিবে সেটিও তারা দিতে পারেনি।

আজকে জাতীয়তাবাদী হোমিওপ্যাথি দল বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেয়ার জন্য যে এগিয়ে এসেছে আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। দেশের সকল রাজনৈতিক দল, সকল সংস্থাকে এগিয়ে এসে করোনা মোকাবিলায় কাজ করার আহবান জানাচ্ছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930