ব্রেকিং নিউজঃ

বুলগেরিয়ার প্রধানমন্ত্রী মাস্ক না পড়ায় জরিমানা গুনলেন

গির্জা পরিদর্শনে বেরিয়ে করোনা মহামারীতে মাস্ক না পরার কারণে জরিমানা গুনলেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ। বুলগেরিয়াতে খুব বেশি করোনারোগী শনাক্ত না হলেও আইনের ক্ষেত্রে কোন ছাড় দেয়নি দেশটি। শুধু প্রধানমন্ত্রী নন, তার সঙ্গী সাথীদেরকেও জরিমানা করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার একটি পুরনো গির্জা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ। সেই সময়ে তার মুখে সুরক্ষামূলক মাস্ক না থাকায় তাকে ১৭৪ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

এ মাসের শুরুতে করোনার সংক্রমণ কমায় লকডাউন শিথিল করেছিল বুলগেরিয়া। কিন্তু গত সপ্তাহে আবার সাপ্তাহিক রেকর্ড করোনা শনাক্ত হলে সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ সব ধরনের জনসমাগমস্থলে মাস্ক পরার আদেশ দেন।

প্রধানমন্ত্রীকে জরিমানার বিষয়ে বুলগেরিয়ান স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ জানিয়েছেন, রিলা মোনাসটারি গির্জায় সুরক্ষা মাস্ক ছাড়াই গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাই নিয়মানুযায়ী তার জরিমানা করা হয়েছে। ওই সময় তার যেসব সফরসঙ্গীরাও মাস্ক পড়েননি, তাদের সবাইকে জরিমানা করা হবে বলে জানান তিনি।

গির্জায় বরিসোভের সঙ্গে মাস্ক না পরা সাংবাদিক, ফটোগ্রাফার ও ক্যামেরাপারসনদেরও জরিমানা করা হবে জানিয়েছে মন্ত্রণালয়। তবে মাস্ক না পরায় পাদ্রীদেরও জরিমানা হবে কিনা তা নিশ্চিত জানা যায়নি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া তথ্যানুযায়ী, বুলগেরিয়াতে এখন পর্যন্ত করোনায় মাত্র ৩ হাজার ৯৮৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২০৭ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930