ব্রেকিং নিউজঃ

১৭ দিন আগে করোনা শনাক্তের জন্য নমুনা দিলেও রিপোর্ট পাননি ইউএনও

১৭ দিন আগে করোনা শনাক্তের জন্য নমুনা দিলেও রিপোর্ট পাননি চট্টগ্রামের পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা। এরই মধ্যে তিনি ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে যোগ দিয়েছেন কর্মস্থলে।

সোমবার (২২ জুন) পটিয়ার ইউএনও ফারহানা জাহান উপমা নিজ কার্যালয়ে যোগ দেন।

এরপরে পটিয়া পোস্ট অফিস মোড়, আদালত রোড, সবুর রোড, ক্লাব রোড, স্টেশন রোড, ডাকবাংলো মোড়, মুন্সেফ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। জনসমাগম হওয়ায় এবং স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলায় তিনটি প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা করে অর্থদণ্ড করেন ইউএনও।

এদিকে ১৭ দিন আগে নমুনা দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে ইউএনও ফারহানা জাহান উপমা বলেন, নমুনা দেওয়ার পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পরও রিপোর্ট আসেনি। শারীরিকভাবেও বেশ সুস্থ বোধ করছি। কোনো উপসর্গও নেই। তাই কাজে যোগ দিয়েছি।

তিনি আরো বলেন, রিপোর্টের অপেক্ষায় থাকলে অনেক কাজই আটকে থাকবে। আমার দায়িত্ব কাজ করা, সবকিছু মাথায় রেখেই কর্মস্থলে যোগ দিয়েছি। মানুষ স্বাস্থ্যবিধি না মেনে হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরার কারণে সংক্রমণ বাড়ছে। আমি বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছি।

উল্লেখ্য, ইউএনওফারহানা জাহান উপমার গাড়িচালক ও বাসার মালি করোনা আক্রান্ত হন। ৮ জুন পুরো পরিবারসহ নমুনা পরীক্ষার জন্য দেন ফারহানা জাহান উপমা। এখনো তাদের প্রতিবেদন আসেনি।

বিষয়টি নিয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবেদ জানান, চট্টগ্রামে জটের কারণে নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কিন্তু এ পর্যন্ত কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। তবে কয়েক দিনের মধ্যে ফলাফল আসতে পারে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031