জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করতে চিঠি
জাতীয় সংসদ অধিবেশনের আগামী কার্যদিবসগুলোতে যারা অংশ নেবেন তাদের করোনা পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে এমন ১৭০ এমপির নমুনা পরীক্ষা করা হচ্ছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র থেকে জানা গেছে, সংসদের বৈঠকে অংশ নিয়েছেন এমন একাধিক সংসদ সদস্যসহ বেশ কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় অধিবেশনের আগামী দিনগুলোতে নির্ধারিত এমপিদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। অধিবেশনের আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপির নমুনা পরীক্ষার জন্য ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। এদের মধ্যে ২০ জন শনিবার (২০ জুন) তাদের নমুনা দিয়েছেন। বাকিরা আজ থেকে নমুনা দেবেন।
এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সংসদ সদস্যদের নমুনা পরীক্ষা করার অনুরোধ করেছি। তালিকা অনুযায়ী অধিবেশনের আগামী চারটি দিবসে যেসব এমপির যাওয়ার কথা কেবল তাদেরই নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছি। এটা বাধ্যতামূলক নয়, তবে তালিকা অনুযায়ী সবাই সাড়া দিচ্ছেন।’ তিনি নিজে শনিবার নমুনা দিয়েছেন বলে জানান।
জানা গেছে, আগামী ২৩, ২৪, ২৯ ও ৩০ জুন সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। কার্যদিবসের ধারাবাহিকতায় যারা আগে বৈঠকে অংশ নেবেন তাদের নমুনা আগে সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, চলতি বাজেট অধিবেশনে যোগ দিয়েছেন এমন দু’জন এমপিসহ অন্তত ১৫ জন করোনা পজিটিভ হয়েছেন। সর্বশেষ শনিবার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার করোনা পজিটিভ হয়েছে। এছাড়া সংসদ সচিবালয়ের প্রায় ১০০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
মন্ত্রিপরিষদের আক্রান্ত চার সদস্য হলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী রংপুর-৪ আসনের সংসদ সদস্য টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বান্দরবানের এমপি বীর বাহাদুর উশৈসিং ও টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ১৩ই জুন মারা গেছেন। এছাড়া সিরাজগঞ্জ-১ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও মারা যাবার আগে করোনাভাইরাস সংক্রমিত হয়েছিলেন।
আক্রান্ত অন্য সংসদ সদস্যরা হলেন, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরফি বিন মর্তুজা, সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-৬ আসনের এবিএম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের রণজিৎ কুমার রায়, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম, চট্টগ্রাম-৮ আসনের মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। গণফোরামের মোকাব্বির খান ছাড়া আক্রান্ত সবাই আওয়ামী লীগ দলীয় এমপি।
