ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল
নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তার ফুসফুস ও গলার সংক্রমণ কমতে শুরু করেছে।
শনিবার (১৩ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এ তথ্য জানান।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ব্রি. জেনারেল (অব.) মামুন মোস্তাফীর বরাত দিয়ে তিনি বলেন, স্যারের ফুসফুস এবং গলার প্রদাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ডায়ালাইসিস, থেরাপি ও অন্যান্য চিকিৎসা চলমান।
মো. ফরহাদ বলেন, জাফরুল্লাহ চৌধুরী হাসপাতালেই আছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এবং চিকিৎসকদের অনুমতি ছাড়া উনাকে হাসপাতাল ত্যাগ করতে দেয়া হবে না।
ডা. জাফরুল্লাহ বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রি. জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মোস্তাফী এবং অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়।
