সিরাজগঞ্জে ডায়াগনষ্টিক সেন্টারসহ বাসা ও ঔষধের দোকান লকডাউন
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার ইবনেসিনা ডায়াগনষ্টিক সেন্টার, অনুপম মেডিকেল হল, ডা. সুকুমার সুর রায়ের বাসভবন ও এক পুলিশ সদস্যের ভাড়া বাসা লকডাউন দিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি এ প্রতিবেদককে বলেন, করোনায় আক্রান্ত বগুড়ায় কর্মরত এক পুলিশ সদস্য রোববার দুপুরের দিকে উল্লাপাড়া তার ভাড়া বাসায় আসেন। পরে তিনি ওই ডায়াগনষ্টিক সেন্টারে ডা. সুকুমার সুর রায়ের কাছে চিকিৎসা গ্রহণ করেন এবং পাশের অনুপম মেডিকেল হল থেকে ওষুধ ক্রয় করেন।
তিনি ঝিকিড়া মহল্লার তার ভাড়া বাসায় আসেন। এতে তার পরিবারের সদস্যদের সংস্পর্শে আসে। ওই দিন সন্ধ্যার দিকে ওই পুলিশ সদস্যর ছেলে বগুড়ার নন্দীগ্রাম থানার এএসআই বাবার করোনা পজেটিভ রিপোর্ট পান এবং তিনি রাতেই বাবাকে বগুড়ায় নিয়ে যান। এ তথ্য জানার পর সোমবার দুপুরের দিকে এই লকডাউন ঘোষণা করেন উপজেলা প্রশাসন।
এছাড়া করোনায় আক্রান্ত ওই পুলিশ সদস্যর স্ত্রী, ২ মেয়ে ও তার ছেলের স্ত্রী সংস্পর্শে আসা উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে ওই পরিবারকে নজরদারিতে রাখা হয়েছে। ২/৩ দিনের মধ্যেই তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
