ব্রেকিং নিউজঃ

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবায় গাফিলতি পেলেই ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে। এখানে কোনো রোগী সরকারি সেবা বঞ্চিত হলে এর দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে।

কোনোরকম গাফিলতি থাকলে কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও রোগীদের হালচাল পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল বন্ধের অভিযান আগের মতোই চলবে, তাই অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মনে রাখতে হবে জীবন একটাই- এ জীবন নিয়ে চিকিৎসার নামে কোনো প্রকার হয়রানি মেনে নেওয়া হবে না।

হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও সক্রিয় করতে সরকার কাজ করছে। তবে উপজেলা পর্যায়ে যতগুলো হাসপাতালে দেখলাম, তার মাঝে রূপগঞ্জের এই হাসপাতালটির সার্বিক পরিবেশ ভালো। রোগীরা যাতে সেবাবঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিচ্ছি।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার মাইনুল হাসান, হাসপাতাল পরিদর্শক ডাক্তার আবু হোসেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. মশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীসহ অনেকে।

মতবিনিময় সভা শেষে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930