ব্রেকিং নিউজঃ

ইউক্রেনের জন্য আরও অস্ত্র পাঠাবে ইইউ

ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তা পাঠাবে জার্মানির চ্যান্সেলর শলৎসের উদ্যোগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদস্য দেশগুলো৷ ইইউর আর্থিক সহায়তার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি।

বৃহস্পতিবার ইইউর শীর্ষ সম্মেলনের শুরুতেই হাঙ্গেরি আপত্তি তুলে নেওয়ায় ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সাহায্যের পথ খুলে গেছে৷ এবার ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন পেলেই যত দ্রুত সম্ভব সে দেশকে অর্থ দেওয়া যাবে৷

সেই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করে ভলোদেমির জেলেনস্কি বলেন, এ পদক্ষেপ রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট সংকেত পাঠাচ্ছে৷

রাতের ভিডিও বার্তায় তিনি বলেন, ক্রেমলিনের যাবতীয় প্রচেষ্টা বানচাল করে ইউরোপ যে ইউক্রেনের পাশে থাকছে, তা স্পষ্ট হয়ে গেল৷

অন্যদিকে অ্যাটলান্টিকের অপর প্রান্তেও একটা স্পষ্ট বার্তা চলে গেল৷ ইউরোপ তার নিরাপত্তার দায়িত্ব পালন করছে৷ জেলেনস্কি বলেন, ইউক্রেন এবার আমেরিকার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে৷

উল্লেখ্য, মার্কিন কংগ্রসে রাজনৈতিক জটিলতার কারণে ইউক্রেনের জন্য আমেরিকার সহায়তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে৷

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৭,৩৬০ কোটি ডলার অংকের আন্তর্জাতিক আর্থিক সহায়তা পেয়েছে ইউক্রেন৷ এর মধ্যে ইইউ ২,৭৫০ কোটি ইউরো দিয়েছে৷

চলতি বছরের বাজেট ঘাটতি মেটাতে ইউক্রেন আমেরিকা থেকে প্রায় ৩,৭০০ কোটি ডলার অংকের সহায়তার জন্য অপেক্ষা করছে৷ ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইয়ুলিয়া স্ভিরিডেংকো সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন৷

আর্থিক সহায়তার পাশাপাশি রাশিয়ার হামলার মোকাবিলা করতে অস্ত্র ও গোলাবারুদের জন্যও ইউক্রেন আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল৷ ইদানীং সেই সরবরাহ কমে যাওয়ায় সে দেশ কঠিন সমস্যার মুখে পড়েছে৷ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ইইউ দেশগুলো থেকে আরও অস্ত্র সরবরাহের উদ্যোগ নিচ্ছেন৷

বৃহস্পতিবার তিনি বলেন, ইতিবাচক সাড়া পেয়ে তিনি সন্তুষ্ট৷ তবে তারমতে, ইউক্রেনের জন্য সামরিক সহায়তার গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

চলতি বছরের প্রথম দিকেই এই উপলব্ধিতে আসতে হবে যে সে দেশের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা কতটা জরুরি৷ ইউরোপীয় ইউনিয়ন থেকে সেই বার্তাই পাঠানো হচ্ছে৷

উল্লেখ্য, আমেরিকার পরেই জার্মানি ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে৷ শুধু চলতি বছরেই ৭০০ কোটি ইউরোও বেশি অংকের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

জার্মান চ্যান্সেলর ইউক্রেনের জন্য সামরিক সহায়তার ক্ষেত্রে ইইউর অন্যান্য দেশের সতর্ক মনোভাব সম্পর্কে অভিযোগ করেছিলেন৷ বিশেষ করে ফ্রান্স, ইতালি ও স্পেনের ভূমিকা নিয়ে তিনি অসন্তুষ্ট৷ এবারের ইইউ শীর্ষ সম্মেলনে সেই মনোভাবে কিছু পরিবর্তনের আশা করা হচ্ছে৷

ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, চলতি বছরে ইউক্রেন ইইউ থেকে ২,১০০ কোটি ইউরো মূল্যের সামরিক সহায়তার আশা করতে পারে৷ তারমতে, এখনো পর্যন্ত তিনি যেসব দেশের কাছ থেকে অঙ্গীকার পেয়েছেন, তার ভিত্তিতে তিনি এমন পূর্বাভাস দিচ্ছেন৷ তবে কোন কোন দেশ এখনো এ বিষয়ে মনস্থির করেনি- সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি৷

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930