ব্রেকিং নিউজঃ

সর্বজনীন পেনশন: সাধারণের প্রশ্নের জবাব দিলেন সজীব ওয়াজেদ জয়

সর্বজনীন পেনশন সুবিধায় নিবন্ধনের পদ্ধতির ভিডিও প্রকাশ করার পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এ সময় তিনি সর্বজনীন পেনশন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সরাসরি উত্তর দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মঙ্গলবার রাতে ভিডিওটি প্রকাশ করেন সজীব ওয়াজেদ।

মন্তব্যের ঘরে থাকা বিভিন্ন প্রশ্নের মধ্যে আহাদ খান নামে একজন প্রশ্ন করেন, আমি প্রতি মাসে জমা করতে করতে হয়তো ম্যাচুরড হওয়ার আগে মারা গেলাম তখন এ টাকার মালিক কে হবে?

এর জবাবে সজীব ওয়াজেদ বলেন, ‘অর্থ জমার পর জমাকারীর মৃত্যু হলে সেই অর্থ তার নমিনি পাবেন।’

মফিজুল ইসলাম রাকিব নামে একজন জানতে চান, এটি কোনো নির্দিষ্ট মেয়াদি কি না? জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পেনশন সুবিধার পুরো তালিকাসহ একটি ভিডিও দেন।

রমিম খান নামে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে ধন্যবাদ জানালেও সরকার বদল হলে পেনশন স্কিম নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়বে কি না প্রশ্ন করেন। যে প্রশ্নটি বিগত বেশ কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই করেছেন।

এ প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘পেনশন স্কিম বাংলাদেশের মানুষের জন্য, এই অর্থের মালিক বাংলাদেশের জনগণ তথা রাষ্ট্র।

এই স্কিম সাধারণ মানুষের জন্য, যে সরকারই থাকুক, আপনার পেনশনের টাকা আপনার ও আপনার নমিনির।’

মো. রোমান মৃধা নামে অপর একজন লেখেন, আমি চেষ্টা করেছি রেজিস্ট্রেশন লিংক দিয়ে এনআইডি নম্বর দিয়ে অ্যাপস দিয়ে বাট লোডিং অনেক সময় নিয়ে শেষে রেজিস্ট্রেশন ফেইল দেখাচ্ছে।

এর প্রতিউত্তরে সজীব ওয়াজেদ বলেন, এটা অনেক সময় ইন্টারনেট কানেকশনের জন্য হতে পারে।

আবার অনেক মানুষ একসঙ্গে ট্রাই করলেও হতে পারে। চেষ্টা করবেন একটু অফ-পিক আওয়ারে। আশা করছি কোনো সমস্যা ছাড়াই হয়ে যাবে।

এই পোস্টের কমেন্টে সর্বজনীন পেনশন সুবিধা চালুর জন্য অসংখ্য মানুষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্যদিকে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ধন্যবাদ জানানো হয় সজীব ওয়াজেদকে সর্বজনীন পেনশনবিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য।

এছাড়াও ধন্যবাদ জানান বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া মানুষগুলো। ভিডিওতে সর্বজনীন পেনশনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। সেই সঙ্গে এর বিভিন্ন সুবিধা ও নিয়মগুলো স্পষ্ট করে বর্ণনা করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930