ব্রেকিং নিউজঃ

এ সরকার ক্ষমতায় থাকলে মানুষ ভোট দিতে পারবে না: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত ১৫ বছরে প্রমাণ হয়েছে- এ সরকার ক্ষমতায় থাকলে মানুষ ভোট দিতে পারবে না, সর্বশেষ গতকাল ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে তা আরেকবার প্রমাণিত হয়েছে।

বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা ছয়টি দলের জোটের পদযাত্রায় তিনি এ কথা বলেন।

এ জোটের নেতাকর্মীরা মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১২ নম্বর থেকে পদযাত্রা শুরু করেন। তাদের পদযাত্রা মিরপুর ১০ নম্বরে এসে শেষ হয়।

পদযাত্রা শুরুর আগে মিরপুরে এক সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন, বিরোধী দল ছাড়া নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগকে ভোট কারচুপি করে জিততে হয়। অনেক আগেই আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে।

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, হিরো আলমকে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করে না ক্ষমতাসীনরা। সেখানেও তাদের ব্যালটে সিল মারতে হয়।

হিরো আলমের ওপর হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই পুলিশ নিরপেক্ষ থাকবে- এটা কেউ আর বিশ্বাস করে না। সরকারের এই বাহিনী যারা চালাচ্ছেন, তারা চাচ্ছেন ভোট কারচুপি হলেও আওয়ামী লীগকে আবার ক্ষমতায় রাখতে হবে।

পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচনে বিরোধী দল না থাকলেও এ সরকারকে ভোট চুরি করতে হয়। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে অনেক আগেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে, তার একটি নজির সদ্য অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচন।

সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, হিরো আলমের ওপর আক্রমণ যদি শান্তিপূর্ণ হয়, এমন শান্তিপূর্ণ নির্বাচনে আমরা যাব না।

সমাবেশের সঞ্চালনায় ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। সমাবেশ শেষে মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর চত্বরের দিকে পদযাত্রা করেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930