কবিতা: আমার পৃথিবীতে এসো কলমে:দিলরুবা ইয়াসমিন রুহী
কখনো যদি আমার পৃথিবীতে আসো,
একেবারে নিঃস্ব হয়ে তবেই এসো!
তোমার যত নাম যশ সম্পত্তি প্রতিপত্তি
তোমার যত হিসেব-নিকেশ,
সবকিছু পেছনে ফেলে তবেই এসো।
শুধু ভালোবাসার তরেই এসো।
জেনে রেখো এক পৃথিবী ভালোবাসা
মজুদ করে রেখেছি তোমার জন্য,
শুধু তোমার শুদ্ধ হৃদয় নিয়ে এসো,
শুধু ভালোবাসার তরেই এসো।
আমার পৃথিবীর দুই ধারে,
সারিসারি নৌকা বাঁধা
দুঃখ সুখের মালা গাথা
সুখগুলো সব গান সাধে
সুর হয়ে সব ফুল ফোটে।
দুঃখগুলো সব বায়বীয়,
আমার আকাশের এক কোনে
মেঘ হয়ে শুধু ভেসে থাকে
মন খারাপের কোন এক দিনে
বৃষ্টি হয়ে ঝরে পড়ে।।
আমার পৃথিবীর বর্ষাতে, অঝোর ধারায় বৃষ্টি ঝরে
কবিতার ঝর্ণা ঝরে,
মেঘের ডাকে কাঁপন জাগে হৃদয়ের এক কোনে।
রাতভর বৃষ্টি ঝরে ভালোবাসার গভীর আলিঙ্গনে।
আমার পৃথিবীর ভরা পূর্ণিমায়
আনন্দের মেলা বসে, সমুদ্রে জোয়ার আসে।
ভালোবাসায় মন প্রাণ হাসে।
হাতে হাত রেখে শুধু থেকো আমার পাশে!
তোমায় নিয়ে হেটে যাব সমুদ্রের পাড় ঘেঁষে
যতদূর আমাদের চোখ ভাসে!
সমুদ্রের ঢেউ এসে ভেজাবে আমাদের অবশেষে।
থেকো শুধু আমার বাহুডোরে দুচোখে চোখ রেখে।
জেনে রেখো আমার পৃথিবী, আমার সমুদ্র
শুধুই তোমার ভালবাসার তরে।
কখনো যদি আমার পৃথিবীতে আসো??
শুধু আমার ভালবাসার তরেই এসো!
শুধু তোমার শুদ্ধ হৃদয় নিয়ে এসো!
আমার পৃথিবীর রাজা হয়ে এসো!
জেনে রেখো, এক সমুদ্র প্রেম নিয়ে
তোমার অপেক্ষায় আছি তোমার রানী হয়ে!!
