লালমোহনে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
ভোলার লালমোহনে কথা কাটাকাটি নিয়ে জাহাঙ্গীর (৪৫) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে পৌর এলাকার ২নং ওয়ার্ডের করিমুন্নেসা-হাফিজ মহিলা ডিগ্রী কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই এলাকার হাফিজগো বাড়ির আবু মিয়ার ছেলে।
জাহাঙ্গীরের ভাইয়ের স্ত্রী জাহানারা জানান, তাদের ঘরের চালের ওপর দিয়ে মনির কমিশনারের শ্বশুর সামছুদ্দিন মানিক ইঞ্জিনিয়ারের বিদ্যুতের তার যায়। এতে জাহাঙ্গীরের পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করে।
তাই পরিবারের লোকজন তার সরাতে বলেন। এতে ক্ষিপ্ত হয় সামছুদ্দিন মানিক ইঞ্জিনিয়ারের ঘরের লোকজন। এক পর্যায়ে বিকেলে সামছুদ্দিন মানিক ইঞ্জিনিয়ারের জামাতা মনির কমিশনারের নেতৃত্বে প্রায় ১০-১৫ জন মিলে অতর্কিত জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালায়। তারা জাহাঙ্গীরকে মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে এব্যাপারে অভিযুক্ত মনির কমিশনারের বক্তব্য জানতে তার মোবাইলে কল করে বন্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার ওসি (তদন্ত) বশির আলম জানান, নিহত জাহাঙ্গীরের শরীরের কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ভেতরে কোন আঘাত হয়ে থাকলে পোস্টমর্টেমের পর জানা যাবে মৃত্যুর কারণ। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ভোলা নেওয়া হবে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
