শাহ মতিন টিপু
মানুষ নিঃসঙ্গ মানুষ বড্ড একা
মানুষ নিঃসঙ্গ মানুষ বড্ড একা
একজন মানুষের চারদিকে অর্বুদ মানুষের
ভিড়, তবু সে একা হেঁটে যায় আজীবন।
অগণন পদক্ষেপে সে বারবার মানুষকেই
খুঁজে বেড়ায়, দীঘল হা নিয়ে একটু হাওয়া পেতে
হা হুতাশে পার করে দেয় বছরের পর বছর।
অথচ তার পাশে থাকা মানুষটিও অনায়াসে
অন্ধত্বেই বন্ধ রাখে দ্বার, ভুল করেও দেখে না
ফুটে থাকা ফুল- ভালোবেসে গন্ধটুকুও নিতে
চায় না আর।
মানুষই যেনো শুনতে পায় না মানুষের হাহাকার।
এই শহরে প্রতিদিন মানুষের মিছিল নামে,
সড়ক-উপসড়ক অলিগলি পেরিয়ে হয়তোবা থামে
কদাচিৎ কখনো।
কে থামলো আর কে থামলো না, খুব কাছে
থেকেও এ খোঁজটুকু জানলো না কেউ-
দেখে গেলো শুধু নীল দরিয়া আর তীরজুড়ে তার
আছড়ে পড়া বড়ো বড়ো ঢেউ।
