শীর্ষ রাজনীতিবিদ, সরকারি কর্মকতাদেরও ডোপ টেস্টের সুপারিশ
শীর্ষ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থাসহ নানা শ্রেণি-পেশার কর্মকর্তাদের ডোপ টেস্টের আওতায় আনার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি অ্যাডভোকেট সামসুল হক টুকু এতে সভাপতিত্ব করেন।
এতে বলা হয়, গত ২০১৯ সালে দেশে দুই লাখ ২৫ হাজার ৬৮৪টি মামলা হয়েছে। আর ২০২০ সালে মামলার সংখ্যা এক লাখ ৮৭ হাজার ৯২৬টি। এ বছরে ৩৭ হাজার ৭৫৮টি অর্থাৎ ১৬ দশমিক ৭ শতাংশ কমেছে। অপরাধ প্রবণতার এ ধারা ২০২১ সালে অব্যাহত আছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে ডাকাতি মামলার সংখ্যা ছিল ৩৫০টি। ২০২০ সালে তা কমে হয় ৩০২টি। খুনের মামলা ২০১৯ সালে তিন হাজার ৫৬৩টির থেকে কমে ২০২০ সালে হয় তিন হাজার ৫৩৯টি। অপহরণ ২০১৯ সালের ৫৯৮টি থেকে কমে ২০২০ সালে হয় ৪৮৬টি। এক্ষেত্রে ডাকাতি মামলা ১৩.৭ শতাংশ, খুনের মামলা ৩ শতাংশ ও অপহরণ মামলা ১৮.৭ শতাংশ কমেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালে ৫ লাখ ৫৬ হাজার ৭০০ আসামি গ্রেফতার করা হয়েছিল। ২০২১ সালের প্রথম ছয় মাসে গ্রেফতার হয়েছে দুই লাখ ৯৯ হাজার ৯৫৩ জন। আসামি গ্রেফতারের হারও ঊর্ধ্বমুখী বলে প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন কোটি ৩৯ লাখ ৪০ হাজার ১৭ পিস ইয়াবা, ৫ লাখ ৫১ হাজার ৮৫৭ বোতল ফেনসিডিল, ৩০৮ কেজি হেরোইন, ৫৩ হাজার ১৪ কেজি গাঁজা, দুই হাজার ২৬৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
