আত্মসমর্পণের পর ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক কারাগারে
রাজধানীর নর্থ রোডের (ভূতেরগলি) ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের দুর্নীতির মামলায় সিলেটের সাময়িক বরখাস্ত কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে ওই জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে দুদক। গত ২৮ জুন সেই আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।
সেই সঙ্গে বিচারিক আদালতে জামিনের পর বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত এ সংক্রান্ত প্রতিবেদনের অনুলিপিসহ সিডি হাইকোর্টে দাখিলের নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি এক বছর ও ছয় মাসের মধ্যে পার্থ গোপাল বণিকের মামলা নিষ্পত্তি করতে হাইকোর্টের দুটি আদেশের বিষয়ে এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বিশেষ জজ আদালতকে নির্দেশ দেন হাইকোর্ট।
আদেশ অনুযায়ী ওই টেলিভিশন কর্তৃপক্ষ তাদের প্রতিবেদনের অনুলিপিসহ সিডি জমা দেয়। পাশাপাশি বিশেষ জজ আদালতও ব্যাখ্যা দেয়।
ব্যাখ্যায় ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ইকবাল হোসেন ক্ষমা চান। এর পর শুনানি শেষে গত ২৬ আগস্ট রায়ের জন্য রাখেন হাইকোর্ট।
২০২০ সালের ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন ডিআইজি প্রিজনস পার্থের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
গত বছরের ৪ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন আদালত। এর পর ১৫ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
২০১৯ সালের ২৮ জুলাই বিকালে রাজধানীর ধানমন্ডির ভূতেরগলিতে পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করে দুদক।
